পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় এক অটো রাইস মিলকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক অভিযান পরিচালনা করে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ‘বিচ অটো রাইস মিল’-কে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত করেন।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ৪ ও ১৪ ধারার আওতায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, পাটকে পুনরায় “সোনালী আঁশ” হিসেবে প্রতিষ্ঠা করা এবং পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে।
উল্লেখ্য, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ প্রণয়নের মূল উদ্দেশ্য হলো পাট শিল্পকে পুনরুজ্জীবিত করা, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা, নির্দিষ্ট পণ্যে পাটের মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা, পাটের চাহিদা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

