গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: ‘নোয়াব’ প্রতিনিধিদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: ‘নোয়াব’ প্রতিনিধিদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সংবাদশিল্পের সংকট নিরসনে এক যুগান্তকারী প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধি দলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী -র নেতৃত্বে বৈঠকে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র মালিক ও প্রকাশকরা অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর কাছে সংবাদপত্র শিল্পের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরেন ।

কাগজ ও আনুষঙ্গিক কাঁচামালের আকাশচুম্বী দাম। বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়া এবং শুল্ক-করের বোঝা। সংবাদপত্র শিল্পকে বাঁচাতে শুল্ক কর কমানোর জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

বৈঠক শেষে মতিউর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং প্রধান তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন, গণমাধ্যমের অভ্যন্তরীণ নীতি বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

অতীতে গ্রেপ্তারকৃত বা মামলার শিকার সাংবাদিকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, “কেউ বিনা কারণে কারাবন্দি বা হয়রানির শিকার হচ্ছেন কি না, তা দ্রুত যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”

শেখ হাসিনা সরকার বা অন্তর্বর্তী সরকারের সময় সম্পাদকদের সঙ্গে বৈঠকের যে স্থবিরতা ছিল, তা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে সরাসরি বসার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তারা সংবাদপত্রের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবেন বলে জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে দেশের সাংবাদিক মহল এবং সংবাদপত্র মালিকরা মুক্ত গণমাধ্যমের পথে একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখছেন। নিয়মিত সংলাপের এই প্রতিশ্রুতি কার্যকর হলে সরকার ও গণমাধ্যমের মধ্যকার দূরত্ব অনেকটাই ঘুচে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।