গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্কুলের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে দলবল নিয়ে বিদায় অনুষ্ঠান পণ্ড, শিক্ষকদের শাসানো ও অফিস কক্ষে তালা দেওয়ার ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মীকে বহিস্কার করেছে বিএনপি। আজ বুধবার সকালে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিস্কৃতরা হলেন, গাজীপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আওয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু, সদস্য মো. আরমান আলী, মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিয়মান হয়েছে যে, বহিস্কৃত ব্যক্তিরা গত ১৯ এপ্রিল বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে। এসময় শিক্ষকদের সঙ্গে খুবই সন্ত্রাসীমূলক আচার-আচরণ করে। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম ছড়িয়ে পড়ে। তাতে দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হয়েছে। এমন কর্মকাণ্ড দলের আদর্শ লক্ষ্য স্বার্থ পরিপন্থী এবং এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। এঘটনায় দলীয় গঠনতত্ত্বের ক্ষমতা বলে তাদেরকে বিএনপির সকল পদসহ আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।
শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির ছয়জন নেতাকর্মীকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

