বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ইশিতা আক্তার তিশা (১৮) নামে এক কলেজছাত্রী আটক হয়েছেন। তিনি বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক তিশা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শহরের চকসূত্রাপুর এলাকার জীবন শেখের মেয়ে।
শুক্রবার দুপুর ২টা থেকে বাউবি’র অধীনে এসএসসি প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন বিএনপি নেত্রী নিপা খাতুন। তবে তার স্থলে পরীক্ষা দিচ্ছিলেন কলেজছাত্রী তিশা।
পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শক উত্তরপত্রে স্বাক্ষর করতে গেলে প্রবেশপত্রের ছবির সঙ্গে তিশার চেহারার অসংগতি ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিশা স্বীকার করেন যে, তিনি নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছেন। এরপর কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে।
পরীক্ষায় জালিয়াতির বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন নিপা খাতুন। তার দাবি অনুযায়ী এটি কোনো জালিয়াতি নয়, বরং ‘সামান্য ভুল-বোঝাবুঝি’। তিনি গণমাধ্যমকে বলেন, “আমি পরীক্ষার সময় অসুস্থতার কারণে হাসপাতালে গিয়েছিলাম। সেই অল্প সময়ের জন্য আমার ভাগনিকে কেন্দ্রে বসিয়ে রেখে গিয়েছিলাম। পরীক্ষা মূলত আমিই দিচ্ছিলাম।”
তবে পরীক্ষার নিয়মানুযায়ী পরীক্ষার্থীর আসনে অন্য কেউ বসার কোনো সুযোগ নেই—এমনটি জানিয়েছেন কেন্দ্র সংশ্লিষ্টরা।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিশা জানিয়েছেন, নিপা খাতুন সম্পর্কে তার খালা হন এবং আত্মীয়তার খাতিরেই তিনি প্রক্সি দিতে রাজি হয়েছিলেন।
ওসি আরও যুক্ত করেন, “শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

