
বাংলাদেশ প্রতিবেদকঃ বিএনপিকে কড়া ভাষায় সতর্ক করে জামায়াতে ইসলামীর আমির ও বর্তমান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের পথ অনুসরণ করে বিএনপি ‘দুর্বল আওয়ামী লীগ’ হওয়ার চেষ্টা করছে। আজ শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’-এর দাবিতে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ একসময় বিরোধীদলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত এবং দম্ভ দেখাত। কিন্তু আজ তাদের কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, “আমরা একসঙ্গে মজলুম ছিলাম। কিন্তু বিনয়ের সঙ্গে বলতে চাই, হাজার চেষ্টা করলেও আপনারা (বিএনপি) আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর ‘দুর্বল আওয়ামী লীগ’ হতে পারবেন। আপনারা এখন তাদের কাজগুলোই শুরু করেছেন।”
তিনি আরও যোগ করেন, আওয়ামী লীগের পোষ্য লাঠিয়াল বাহিনী তাদের চরম বিপদে পাশে দাঁড়ায়নি, বিএনপিকেও সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।
সমাবেশে জামায়াত আমির বিএনপির রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, বিএনপি ৫১ শতাংশের রায় মানলেও ৭০ শতাংশ মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। তার ভাষ্যমতে একটি নির্বাচনের ৫১ শতাংশ ভোট বিএনপির পক্ষে যাওয়ায় তারা সেটা মেনে নিয়েছে কিন্তু ৭০ শতাংশ মানুষ যে গণভোটের পক্ষে রায় দিয়েছে, বিএনপি তা মানতে চাইছে না।
ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, যেদিন ওই ৭০ শতাংশ মানুষের গণরায়ের প্রতিফলন ঘটবে, সেদিনই দেশ থেকে সত্যিকার অর্থে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ বিদায় নেবে।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে বিরোধীদলীয় নেতা ক্ষোভের সঙ্গে বলেন, জুলাইযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আজ অনেকে ক্ষমতার ‘তখত’ বা সিংহাসন উপভোগ করছেন।
তিনি বলেন, “প্রিয় বিএনপি, ভুলে যাবেন না—এই মায়েরা, বাবারা এবং ভাই-বোনেরা জীবন না দিলে আপনারা ক্ষমতার তখত ইনজয় করতে পারতেন না। তখতে বসে আপনারা সব ভুলে গেছেন।”
তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের নিজেদের ইশতেহারের বিরোধিতা করছে এবং প্রতিটি বিষয়ে বিরোধিতা করাটা জাতির সঙ্গে ‘সুস্পষ্ট প্রতারণা’ ছাড়া আর কিছু নয়।
জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সম্মানার্থে এবং গণভোটের দাবি আদায়ে জামায়াতে ইসলামী এই বিশাল সমাবেশের আয়োজন করে। সমাবেশে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জন হারানোর বেদনাবিধুর স্মৃতি চারণ করেন। এসময় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জুলাই আন্দোলনের বিভিন্ন স্তরের যোদ্ধারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং আহত যোদ্ধাদের পুনর্বাসনে রাষ্ট্রের কার্যকর ভূমিকা দাবি করেন।
