পটুয়াখালীতে ভ্যাপসা গরম পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

0
পটুয়াখালীতে ভ্যাপসা গরম পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে গত এক সপ্তাহে তীব্র ভ্যাপসা গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভয়াবহ লোডশেডিং। জেলায় তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও বিদ্যুতের অসহনীয় আসা-যাওয়ায় জনজীবন এখন ওষ্ঠাগত। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থী ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলা শহর ও এর আশপাশের এলাকায় দিনে ৪ থেকে ৫ বার এবং রাতে অন্তত ৬ থেকে ৭ বার করে লোডশেডিং করা হচ্ছে। ভ্যাপসা গরমে যখন ঘরের ভেতরে থাকা দায়, তখন বিদ্যুতের এমন লুকোচুরিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। বিদ্যুতের এই তীব্র সংকটের কারণে সবথেকে বেশি ব্যাহত হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া। গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মোমবাতি বা হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতে গিয়ে পরীক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে।

চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষও। সারাদিন প্রখর রোদ ও খরতাপে হাড়ভাঙা পরিশ্রম শেষে ঘরে ফিরে একটু শান্তিতে বিশ্রাম নেওয়ারও সুযোগ পাচ্ছেন না তারা। এছাড়া বৃদ্ধ ও শিশুদের মধ্যে গরমজনিত নানা রোগের প্রকোপ বাড়ছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ জানায়, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিস জানায় , চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় রোটেশন অনুযায়ী লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে।