পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘাত: ঝরল দুই প্রাণ, আহত ২

0
পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘাত: ঝরল দুই প্রাণ, আহত ২

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শনিবার (২ মে) সকালে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বড় ইলাশপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে দুর্গাপুর থেকে ময়মনসিংহ অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী (শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী) একটি অটোরিকশার প্রচণ্ড সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে আরোহীদের উদ্ধারের আগেই ঘটনাস্থলে প্রাণ হারান আইনুল হক (৫০)। তিনি দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাছম আলীর সন্তান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিম উদ্দিন (৫০) নামের আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহত আজিম উদ্দিন সাধুপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসাধীন বাকি দুজনের পরিচয় এখনো উদঘাটিত হয়নি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান “ঘাতক বাস এবং ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।”

পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যান নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।