সালথায় দুই গ্রামবাসীর রণক্ষেত্র: দফায় দফায় সংঘর্ষ, আহত ৭ ও ১২ বাড়িতে তাণ্ডব

0
সালথায় দুই গ্রামবাসীর রণক্ষেত্র: দফায় দফায় সংঘর্ষ, আহত ৭ ও ১২ বাড়িতে তাণ্ডব

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ ও কাউলীকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই রণক্ষেত্রের সৃষ্টি হয়।

ঘণ্টাব্যাপী চলা এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উন্মত্ত জনতা ১২টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এছাড়া একটি ট্রলি গাড়ি ও খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিংহপ্রতাপ ও কাউলীকান্দা গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে সিংহপ্রতাপ গ্রামের ইব্রাহিম মোল্যার সমর্থক মো. বাবু তালুকদার (২২) নামের এক ভ্যানচালক কাউলীকান্দা স্ট্যান্ডে যান। সেখানে পূর্ব শত্রুতার জেরে কাউলীকান্দা গ্রামের হাবিবুর রহমান হাবির সমর্থকরা তাঁর ওপর চড়াও হয় এবং মারধর করে।

বাবু তালুকদারকে মারধরের খবর সিংহপ্রতাপ গ্রামে ছড়িয়ে পড়লে বিকেলে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই গ্রামের শত শত মানুষ ঢাল-শড়কি, ইঁটপাটকেল ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফসলের মাঠ ও মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও রণক্ষেত্রের রূপ নেওয়া এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ অন্য পক্ষের অন্তত ১২টি বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। একই সঙ্গে উত্তেজিত জনতা ঘটনাস্থলে থাকা একটি খড়ের গাদা ও একটি ট্রলি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সংঘর্ষে আহতদের চিৎকারে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এছাড়া বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “একজন ভ্যানচালককে মারধরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এই বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”

এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।