ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: ভেতরে আটকা পড়া ২০ ঈদে ঘরমুখো যাত্রী উদ্ধার

0
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: ভেতরে আটকা পড়া ২০ ঈদে ঘরমুখো যাত্রী উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার আগমুহূর্তে বাড়ি ফেরার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরেই আটকা পড়েন অন্তত ২০ জন ঈদে ঘরমুখো যাত্রী। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের কামারখোলা ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের জানালা ও বডি কেটে ভেতরে আটকে পড়া যাত্রীদের অক্ষত ও আহত অবস্থায় উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকার আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি বাস। বাসটি এক্সপ্রেসওয়ের কামারখোলা ব্রিজের ঢালে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির ‘রাইদা পরিবহন’-এর আরেকটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় গোল্ডেন লাইন বাসের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা ঈদে ঘরমুখো যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাসের দরজা ও ভেতরের কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ২০ জন যাত্রী ভেতরে আটকা পড়ে অবরুদ্ধ হয়ে যান।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে শ্রীনগর ফায়ার স্টেশন। ফায়ার ফাইটাররা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে দ্রুত বাসের ভেতরে প্রবেশ করেন এবং অবরুদ্ধ যাত্রীদের একে একে উদ্ধার করে নিয়ে আসেন।

আহত ও আতঙ্কগ্রস্ত যাত্রীদের উদ্ধার করার পর ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্স যোগে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাদের প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন “খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের আমরা সফলভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছুটা যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।