সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে সলঙ্গা থানাধীন চরিয়া এলাকায় অবস্থিত র্যাব-১২ সদর দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামার মুখে সলঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি চরিয়া র্যাব-১২ কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি রাজশাহীগামী যাত্রীবাহী বাস সেটিকে সজোরে চাপা দেয়।
বাসের গতি এতই বেশি ছিল যে, চাপা দেওয়ার পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয় এবং অটোরিকশার ভেতরে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন।
ভয়াবহ এই দুর্ঘটনার পর চরিয়া এলাকার মহাসড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন “সলঙ্গা থেকে সিরাজগঞ্জগামী অটোরিকশাটিকে বিপরীতমুখী একটি রাজশাহীগামী বাস চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মরদেহগুলো হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।”
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে আটক করার প্রক্রিয়া চলছে।

