জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী: সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, জনতার ঢল

0
জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী: সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, জনতার ঢল

বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক সফল রাষ্ট্রনায়ক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা এক আবেগঘন ও স্মরণোৎসবে পরিণত হয়।

বেলা ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ করেন এবং মরহুম নেতার রুহের মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এই স্মরণসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, বিএনপি এবং মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়। সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী। স্থায়ী কমিটির সদস্যবৃন্দ গয়েশ্বর চন্দ্র রায়, ড. এ জেড এম জাহিদ হোসেন এবং ড. আব্দুল মঈন খান। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব। আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়াও দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বিজয় সরণি থেকে শুরু করে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দু’পাশে অবস্থান নেন হাজার হাজার উৎসুক ও আবেগাপ্লুত নেতাকর্মী।

তাদের হাতে ছিল দলীয় পতাকা, কালো ব্যাজ, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ব্যানারসহ এই কর্মসূচিতে যোগ দেন। জনসমাগমকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি পুরো এলাকায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী।

মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠ সংলগ্ন এলাকায় আয়োজিত এক বৃহৎ সমাবেশে তিনি দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির পর প্রধানমন্ত্রী ঢাকার বিভিন্ন জোনে ধারাবাহিকভাবে আয়োজিত আরও বেশ কয়েকটি সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রমে সশরীরে উপস্থিত থেকে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন। দেশব্যাপী একযোগে এই জনকল্যাণমূলক কাজ পরিচালনা করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।