তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাটলাই নদীতে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে তামিম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের উত্তর পাশে পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়,নিখোঁজ তামিম ধর্মপাশা উপজেলার গৌল্লা গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি পর্যটকবাহী নৌযান মা-বাবার দোয়া তে ভ্রমণে ছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা ও নৌযানের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিখোঁজ কিশোর তামিম (১৫),পিতা মজিবুর মিয়া, বাড়ি ধর্মপাশা উপজেলার গৌল্লা গ্রামে।নৌযানের নাম মা-বাবার দোয়া। তাকে উদ্ধারে অভিযান চলছে।

