রামিসা হত্যা মামলা: কাঠগড়ায় দাঁড়িয়েই সুর বদল সোহেল রানার, কান্নায় ভেঙে পড়ে স্ত্রীর মুক্তি ভিক্ষা

0
রামিসা হত্যা মামলা: কাঠগড়ায় দাঁড়িয়েই সুর বদল সোহেল রানার, কান্নায় ভেঙে পড়ে স্ত্রীর মুক্তি ভিক্ষা

আদালত প্রতিবেদকঃ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নাটকীয়ভাবে সুর বদলালেন আলোচিত শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা। শুনানির শুরুতে দায় এড়ানোর চেষ্টা করলেও, শেষ পর্যন্ত অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। অন্যদিকে, নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে এজলাসেই কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী স্বপ্না খান।

আজ বুধবার (৩ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানিতে এই দুই রকম বক্তব্য ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

সকালে কড়া নিরাপত্তায় সোহেল রানা ও স্বপ্না খানকে কারাগার থেকে আদালত প্রাঙ্গণে এনে হাজতখানায় রাখা হয়। বেলা পৌনে ১১টার দিকে সোহেলকে এবং ১১টার দিকে স্বপ্নাকে আদালতে তোলা হয়। বেলা ১১টা ১০ মিনিটে বিচারক এজলাসে আসার পর কার্যক্রম শুরু হয়।

বিচারক মামলার সমস্ত অভিযোগ এবং সাক্ষীদের জবানবন্দি দুই আসামির সামনে পড়ে শোনানোর পর তাদের বক্তব্য জানতে চান। এ সময় কাঠগড়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা নির্বিকার দাঁড়িয়ে থাকলেও, তার স্ত্রী স্বপ্না বেগম কান্নায় ভেঙে পড়েন।

শুনানির শুরুতে কৌশলে দায় এড়ানোর চেষ্টা করেন প্রধান আসামি সোহেল রানা। ঘটনার পেছনে ‘ডলার’ নামের অন্য এক ব্যক্তির জড়িত থাকার দাবি তুলে তিনি বলেন “আমি নির্দোষ স্যার। আমার সাথে যে ছিল ডলার, তারে আপনারা ধরেন। আমি দোষ করি নাই তা না, আমিও দোষ করেছি, ডলারও দোষ করেছে। … আমারে মাফ করে দেন, আমার একটা ছোটো ছাওয়াল আছে।”

একই সাথে নিজের স্ত্রীর পক্ষে সাফাই গেয়ে সোহেল বলেন, “আমার বউটা একদম নির্দোষ স্যার।”

এরপর আদালত আসামি স্বপ্নার বক্তব্য জানতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি কিছু করি নাই, আমি নির্দোষ।” তিনি আদালত থেকে অব্যাহতি প্রার্থনা করেন।

আসামিদের এই দুই রকম ও নাটকীয় বক্তব্যকে সাজানো নাটক বলে অভিহিত করেছে রাষ্ট্রপক্ষ। সংশ্লিষ্ট আইনজীবীদের মতে, অপরাধ থেকে বাঁচতে এবং বিচার প্রক্রিয়াকে প্রভাবিত ও বিলম্বিত করতেই আসামিরা শেষ মুহূর্তে এই ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছেন।

আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু পরবর্তী ধাপ হিসেবে যুক্তিতর্কের (আর্গুমেন্ট) জন্য দিন ধার্যের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেছেন। এর মাধ্যমে রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়া চূড়ান্ত রায়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।