সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জনতার হাতে আটক জামায়াতকর্মী, পুলিশ হেফাজতে প্রেরণ

0
সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জনতার হাতে আটক জামায়াতকর্মী, পুলিশ হেফাজতে প্রেরণ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে গোপনে দেখা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন বাবুল মিয়া (৪৫) নামের এক জামায়াতকর্মী। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিংনা কাওয়ামারা এলাকার শাহজাহান মিয়ার ছেলে বাবুল মিয়া পেশায় স্থানীয়ভাবে পরিচিত এবং চার সন্তানের জনক। দীর্ঘদিন ধরে একই এলাকার চা বিক্রেতা আজিজ মিয়ার স্ত্রীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক চলছিল বলে স্থানীয়দের অভিযোগ।

শুক্রবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে বাবুল মিয়া ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা একত্রিত হয়ে বাড়িটি ঘেরাও করেন এবং তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। মুহূর্তের মধ্যেই এ খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক বাবুল মিয়াকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। জনতার হাতে আটক হওয়ার সময় তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হলে পুলিশ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার হাতে আটক ওই ব্যক্তিকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সরিষাবাড়ী থানায় পাঠানো হয়েছে।”

সরিষাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক বাবুল মিয়া বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।