আজকের ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকে সদ্য পদত্যাগ করা দীপেন দেওয়ান পাহাড়ের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের জড়ো না হয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ধরে রাখতে তিনি বিশেষভাবে অনুরোধ করেন।
পদত্যাগের তিন দিন পর, বুধবার (৩ জুন) রাত ৯টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান। পরবর্তীতে তার ব্যক্তিগত সহকারী (এপিএস) আল-আমিন বার্তাটি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠান।
দীপেন দেওয়ান তার বার্তায় উল্লেখ করেন, মন্ত্রিত্ব ছাড়ার পর রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলার সাধারণ মানুষ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে যে আবেগ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে, তা তিনি অনুধাবন করতে পারছেন।
পাহাড়ি ও বাঙালি নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন “পার্বত্য অঞ্চল আমাদের সবার। এই অঞ্চলের উন্নয়ন, স্থায়িত্ব ও শান্তি রক্ষার দায়িত্বও যৌথ। কোনো ধরনের উসকানিতে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করতে হবে। বিভেদ নয় ঐক্য, আর সংঘাত নয় সুস্থ প্রতিযোগিতাই হোক আমাদের লক্ষ্য।”
মন্ত্রিত্ব ছাড়ার পর নিজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন দীপেন দেওয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ই তার রাজনৈতিক আদর্শের শেষ ঠিকানা এবং আমৃত্যু তিনি এই দলেই থাকবেন।
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পিতার আদর্শ ও দেশপ্রেমই তার রাজনীতির মূল অনুপ্রেরণা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে তিনি বিএনপিতে যোগ দেন এবং শুরু থেকেই দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করছেন। ব্যক্তিগত বা রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক না কেন, দলের প্রতি আনুগত্য ও প্রতিশ্রুতি আজীবন অক্ষুণ্ন থাকবে।
বার্তার শেষাংশে দীপেন দেওয়ান বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, “তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমি সম্পূর্ণ আস্থাশীল। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় তাঁর নেতৃত্বেই আমি এগিয়ে যেতে চাই।”

