ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক ভুক্তভোগী পরিবারের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশি তদন্তের মাঝেই প্রতিপক্ষের এই আকস্মিক হামলায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খারুয়া গ্রামের আব্দুর রব ভূঁইয়ার সঙ্গে প্রতিবেশী নরেন্দ্রপুর গ্রামের মৃত কুতুব উদ্দিন নাঈবের ছেলে মোহাম্মদ শওকত আলীর মাত্র দুই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ: বিরোধপূর্ণ ওই জমিতে শওকত আলী জোরপূর্বক একটি ঘর নির্মাণ করেন। স্থানীয়ভাবে সালিশ-মিমাংসা হলেও ক্ষমতার দাপট দেখিয়ে তিনি জমিটি দখলে রাখেন। সম্প্রতি আব্দুর রব ভূঁইয়ার ছেলেরা শওকতকে সেই ঘরটি সরিয়ে নেওয়ার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হন। এর জের ধরে গত সোমবার সকালে শওকত আলী প্রতিপক্ষের বাড়িতে গিয়ে সরাসরি হুমকি-ধামকি দেন।
হুমকি পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে সোমবারই নান্দাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুর রব ভূঁইয়া। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলে আরও ক্ষীপ্ত হয়ে ওঠেন শওকত আলী।
বুধবার দুপুরে শওকতের লোকজন আবারও ওই বাড়িতে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরপরই বিকেল ৩টার দিকে শওকত আলীর নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে আব্দুর রবের বাড়িঘরে চড়াও হয়।
হামলাকারীরা কেবল বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটই করেনি, স্থানীয় খারুয়া বাজারে অবস্থিত আব্দুর রবের ব্যবসাপ্রতিষ্ঠানেও ব্যাপক তাণ্ডব চালায়।
আক্রান্ত পরিবারের সদস্য মাহফুজুর রহমান বলেন, “শওকত আলী আমাকে বেশ কিছুদিন ধরে প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। আমরা আইনের আশ্রয় নেওয়ায় তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তিন ভাই মিলে আমাদের বাড়ি ও দোকানে লুটপাট চালায়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
অন্যদিকে, অভিযুক্ত শওকত আলী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেন “আমি নিজের কেনা বৈধ জায়গায় ঘর তুলেছিলাম। আব্দুর রবের লোকজন সেই ঘর ভেঙে দেওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে হামলা করেছে। এই ঘটনার সঙ্গে আমার বা আমার কোনো লোকের সম্পৃক্ততা নেই।”
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নতুন করে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

