পাবনা প্রতিনিধি: পাবনায় প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে রিয়া (১৫) নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরবর্তীতে অপরাধ ঢাকতে ও মরদেহ গুম করার উদ্দেশ্যে তা বস্তায় ভরে পদ্মা নদীতে ফেলে দেয় ঘাতকরা।
বুধবার (৩ জুন) বিকেলে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান।
নিহত রিয়া পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার বাসিন্দা। সে স্থানীয় মাওলানা কসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পিরপুর এলাকায় পদ্মার চরে কৃষকেরা মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় নদীর তীরে নোঙর করা একটি নৌকার পাশে প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। উৎসুক জনতা বস্তাটি খুলে ভেতরে এক কিশোরীর মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে স্বজনেরা এসে এটি নিখোঁজ রিয়ার মরদেহ বলে শনাক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জানান, রিয়ার সঙ্গে মূল অভিযুক্ত নাইমের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন এই সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াকে পাশবিকভাবে ধর্ষণ করা হয় এবং পরে শ্বাসরোধে তার মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। অপরাধের প্রমাণ লোপাট করতে মরদেহটি বস্তাবন্দি করে পদ্মা নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া হয়েছিল।
মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ দ্রুত অভিযানে নামে এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, নাইম (প্রধান অভিযুক্ত) পূর্ব রাঘবপুর এলাকার মৃত কাশেম উদ্দিনের ছেলে। ইয়াসিন শেখ একই এলাকার শফিক শেখের ছেলে। তুহিন প্রামাণিক শিমুল প্রামাণিকের ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ আসামিদের আটক করলেও বুধবার বিকেল পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের করা হয়নি। তবে নিহতের পরিবার লিখিত এজাহার জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আর কেউ জড়িত আছে কি না এবং ঘটনার খুঁটিনাটি জানতে অধিকতর তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তীতে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

