১৬০ টাকার জন্য ভিক্ষুককে কোপানো সেই ‘টোকাই সামির’ ধৃত

0
১৬০ টাকার জন্য ভিক্ষুককে কোপানো সেই ‘টোকাই সামির’ ধৃত

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার অশোকতলায় এক অসহায় ভিক্ষুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার সারাদিনের উপার্জিত মাত্র ১৬০ টাকা ছিনতাইয়ের সেই চাঞ্চল্যকর ও অমানবিক ঘটনার মূল হোতা কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করার পর পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের যৌথ তৎপরতায় তাকে বাগে আনা হয়।

শুক্রবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গত রোববার (৩১ মে) সন্ধ্যায় এই বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ধিক্কার ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় অশোকতলা এলাকায় একদল কিশোর অপরাধী এক বৃদ্ধ ভিক্ষুকের ওপর অতর্কিত হামলা চালায়। নরপশুরা ধারালো অস্ত্র দিয়ে ওই বৃদ্ধকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার থলেতে থাকা মাত্র ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে উল্লাস করতে করতে পালিয়ে যায়।

ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু অপরাধীদের ধরতে বিশেষ নির্দেশনা দেন। তার নির্দেশে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশিকসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে অনুসন্ধান শুরু করেন। অবশেষে অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ তন্নতন্ন করে বিশ্লেষণ করে কুখ্যাত এই কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’কে শনাক্ত করা হয়।

শনাক্তকরণের পর গত ৩ জুন (বুধবার) বিকেলে সামিরকে অবরুদ্ধ করে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে অবহিত করা হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোর অপরাধীকে নিজেদের খাঁচায় পোরে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আজ শুক্রবার সকালে জানান “আটককৃত এই কিশোর অপরাধীর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে ইতিমধ্যেই জেলহাজতে পাঠানো হয়েছে। তবে এখানেই শেষ নয়, এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদের শিকড় উপড়ে ফেলতে কোতোয়ালি থানা পুলিশের ‘চিরুনি অভিযান’ অব্যাহত রয়েছে।”

এই চাঞ্চল্যকর গ্রেপ্তারের পর কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন “কুমিল্লা নগরীতে কোনো ধরনের সন্ত্রাসবাদ, ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বরদাশত করা হবে না। এরা সমাজের কীট। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”