কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ বছরের এক কন্যাসন্তানকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে ধর্ষণের মতো এক অবর্ণনীয় ও জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে।
সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, ভুক্তভোগী পরিবারটিই অভিযুক্ত শফিকুল ইসলামকে (৩৫) পিতৃহীন হওয়ার পর থেকে মানবিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছিল। আশ্রয়দাতার পরিবারেই এমন চরম পাশবিকতার ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা ঘাতক শফিকুলকে হাতেনাতে আটকে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশুটি বাড়ির উঠানে সমবয়সী অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী মৃত এক ব্যক্তির ছেলে ও পেশায় দিনমজুর শফিকুল ইসলাম চতুরতার আশ্রয় নেয়। সে খাবার ও চকলেট কিনে দেওয়ার নাম করে শিশুদের স্থানীয় একটি দোকানে নিয়ে যায়।
এরপর কৌশলে অন্য শিশুদের বিদায় করে দিয়ে ওই পাঁচ বছরের শিশুকে একা পেয়ে যায় শফিকুল। বাড়ি ফেরার পথে রাস্তার পাশের একটি নির্জন শৌচাগারে (টয়লেট) নিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় সে। পৈশাচিক এই ঘটনা ধামাচাপা দিতে এবং শিশুটির মুখ বন্ধ রাখতে তাকে মাত্র ২০ টাকা হাতে দিয়ে কাউকেও কিছু না বলার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে শফিকুল।
রক্তাক্ত ও যন্ত্রণাকাতর অবস্থায় শিশুটি বাড়ি ফিরে তার মাকে সব খুলে বললে এই নৃশংসতা প্রকাশ্যে আসে। ঘটনার পর পরই শিশুটিকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারটি কান্নায় ভেঙে পড়ে জানায় “শফিকুলের বাবা মারা যাওয়ার পর থেকে আমরা তাকে নিজেদের মানুষের মতো দেখতাম। বিভিন্ন সময় চাল-ডাল ও মানবিক সাহায্য দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছি। সেই পরিচিত ও আশ্রিত মানুষটি আমাদের বুক এভাবে খালি করবে, তা আমরা স্বপ্নেও ভাবিনি। আমরা এই নরপশুর ফাঁসি চাই।”
যদিও গণমাধ্যমের সামনে নিজেকে নির্দোষ দাবি করে দায় এড়ানোর চেষ্টা করেছে অভিযুক্ত শফিকুল।
জনতার সহায়তায় আসামিকে আটকের পর রাজারহাট থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানান “এই পৈশাচিক ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)’-এর ৯ (২) ধারায় নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত শফিকুল ইসলামকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে তদন্ত করা হচ্ছে এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।”

