‘গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান ঘটেছে, তাদের রুখে দিতে হবে’—তারেক-বুলিং নিয়ে নেতা-কর্মীদের সতর্ক করলেন ফখরুল

0
‘গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান ঘটেছে, তাদের রুখে দিতে হবে’—তারেক-বুলিং নিয়ে নেতা-কর্মীদের সতর্ক করলেন ফখরুল

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশে এমন এক অপশক্তির উত্থান ঘটেছে যারা মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত এতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখতে এই অপশক্তিকে রাজনৈতিকভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফেনীর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত মাহবুবুল আলম তারার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

স্মরণসভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আগে থেকেই একটি সুনির্দিষ্ট দল দেশে বিরাজনীতিকরণ ও গণতন্ত্র ধ্বংসের নোংরা খেলায় লিপ্ত রয়েছে। তারা ভিন্ন পন্থায় ক্ষমতা কুক্ষিগত করার পাঁয়তারা করছে।

বিএনপির রাজনৈতিক আদর্শ স্পষ্ট করে মহাসচিব বলেন “বিএনপি কোনো বিপ্লবী দল নয়, কিংবা কোনো শর্টকাট বা চোরাপথে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাসী নয়। বিএনপি একটি খাঁটি গণতান্ত্রিক দল। আমরা সবসময় জনগণের ম্যান্ডেট তথা অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার রাজনীতি করি। তাই জনগণের ভোটাধিকার হরণকারী যেকোনো শক্তিকে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।”

বক্তব্যের এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে একটি বিশেষ চক্র ও রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ও কুরুচিপূর্ণ ‘বুলিং’ ছড়াচ্ছে।

দলীয় নেতা-কর্মীদের এই ফাঁদে না পা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভার্চুয়াল জগতে আমাদের নেতা-কর্মীদের অত্যন্ত দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা বুলিংয়ের মুখে নিজেদের নিয়ন্ত্রণ হারানো যাবে না। সাইবার যুদ্ধ ও অপপ্রচার মোকাবিলায় রাজনৈতিক প্রজ্ঞা দেখাতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে মরহুম মাহবুবুল আলম তারার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা বিএনপির এই ত্যাগী নেতার কর্মময় বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দলের সংকটকালীন সময়ে তার বলিষ্ঠ নেতৃত্ব এবং ফেনী অঞ্চলের উন্নয়নে তার অসামান্য অবদান ও সাংগঠনিক দক্ষতার বিভিন্ন দিক অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন।

স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ফেনী জেলা বিএনপির সমমনা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।