মাসুদ রানা রাব্বানীঃ রাজশাহীর দুর্গাপুরে তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের সাথে ঈদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে ঘরে ঘরে বাড়ছে জ্বর, ডায়রিয়া এবং পেটের পীড়াজনিত রোগ। হঠাৎ করে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় ৫০ শয্যার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিল ধারণের ঠাঁই নেই। ধারণক্ষমতার অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তীব্র শয্যা সংকটের কারণে নিরুপায় হয়ে অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় অবস্থান নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ঈদের পর থেকে গত বুধবার সকাল পর্যন্ত শতাধিক রোগী জ্বর, ডায়রিয়া ও পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে প্রতিদিন হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে আরও ৩০ থেকে ৪০ জন রোগী প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। গত চার দিনে শুধু জরুরি বিভাগেই ৮০ জন রোগী সেবা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু এবং মধ্য বয়সীদের সংখ্যাই সবচেয়ে বেশি।
বুধবার বেলা ১১টায় হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায় রোগীদের উপচে পড়া ভিড়। মাত্র ৫ জন চিকিৎসক বিপুল পরিমাণ রোগীকে সেবা দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
শিশুরোগী কামরুন্নাহারের মা আমেনা বেগম বলেন, “অতিরিক্ত মাংস খাওয়া আর প্রচণ্ড গরমে বাচ্চাটা হাঁসফাঁস করছিল। প্রথমে বমি ও পরে পাতলা পায়খানা শুরু হলে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করি।”
শালঘরিয়া গ্রামের নাসরিন আক্তার জানান, তীব্র পেটব্যথা ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে এলেও কোনো শয্যা (বেড) খালি পাননি। বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চাদর বিছিয়েই চিকিৎসা নিচ্ছেন তিনি।
চিকিৎসা শেষে বাড়ি ফেরা আব্দুল খালেক বলেন, “হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছিলাম। ওষুধে কাজ না হওয়ায় তিন দিন আগে ভর্তি হই। এখন কিছুটা সুস্থ বোধ করায় বাড়ি ফিরছি।”
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসিমা বেগম জানান, ঋতু পরিবর্তন, অতিরিক্ত গরম ও আবহাওয়াজনিত কারণে হঠাৎ করেই রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মেহেদী হাসান সোহাগ রোগ বাড়ার কারণ বিশ্লেষণ করে বলেন “ঈদের পর অতিরিক্ত গরম এবং হঠাৎ করে খাদ্যাভ্যাসের পরিবর্তনের (অতিরিক্ত চর্বি ও মাংস খাওয়া) কারণে ডায়রিয়া ও পেটের পীড়াজনিত রোগ দ্রুত ছড়াচ্ছে। একটু সচেতন হলেই এই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই গরমে সুস্থ থাকতে সবাইকে বেশি বেশি বিশুদ্ধ পানি ও স্যালাইন পান করতে হবে। পাশাপাশি বাসি-খোলা খাবার, অতিরিক্ত ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার পুরোপুরি পরিহার করতে হবে।”

