রাণীনগরে ৩ ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই: পুলিশি অভিযানে গ্রেফতার ৩

0
রাণীনগরে ৩ ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই: পুলিশি অভিযানে গ্রেফতার ৩

রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে নাটোরগামী সুপারি ব্যবসায়ীদের পথরোধ ও মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে।

ছিনতাইয়ের কবলে পড়া ব্যবসায়ীরা জানান,বৃহস্পতিবার ভোর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নাতপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম,একই গ্রামের মোজাম্মেল সাখিদারের ছেলে জুয়েল সাখিদার ও রাণীনগর সদর বাজার এলাকার আনিছুর রহমান একটি অটো টমটম গাড়ী ভাড়া করে নাটোরে সুপারি ক্রয় করার জন্য যাচ্ছিলেন। এসময় ভোর সাড়ে চারটা নাগাদ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় পৌছলে মুখোশধারী ছিনতাইকারীর দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে প্রায় ৪৫হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। একই সময় উপজেলার কাশিমপুর গ্রামের সুপারি ব্যবসায়ী উত্তম ও গৌতম একইস্থানে পৌছলে ছিনতাইকারীদের দেখে দৌড়ে পালিয়ে রক্ষা পায় । এঘটনায় বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ইসাহাক আলীর ছেলে খোকন মন্ডল(৩৫), গোনা মধ্যপাড়া গ্রামের বাবু সরদারের ছেলে রাজু সরদার (২৫) ও বিষ্ণপুর গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন কাদির (৪০) কে গ্রেফতার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান: ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই পুলিশের টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে এই তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার (আজ) আদালতে প্রেরণ করা হয়েছে