শাহজাদপুরে কবরস্থান সংস্কারে বাধা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
শাহজাদপুরে কবরস্থান সংস্কারে বাধা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ছয়আনিপাড়া মহল্লার পারিবারিক কবরস্থান সংস্কারে বাধা প্রদান, মারপিট ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কবরস্থানের প্রকৃত মালিকপক্ষ।

গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যায় কবরস্থান সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবু আল মঈন খান রিন্টু। তিনি বলেন, শাহজাদপুর মৌজার ছয়আনিপাড়া জামে মসজিদ ও তৎসংলগ্ন কবরস্থানটি আমাদের মালিকানাধীন। প্রায় সাড়ে ৩’শ বছরের ঐতিহ্যবাহী কবরস্থানের ভূমি এস এ ও আর এস রেকর্ডে আমার বাবা আবুল খায়ের খান, চাচা সিদ্দিকুর রহমান খান, চাচা শাহজাহান খান, ফুফু টুনী নেছা, দাদা মতিয়ার রহমান খান ও দাদা আবুল মকছুদ খানের নামে পরিশুদ্ধ ভাবে লিপিবদ্ধ রয়েছে। পুরুষানুক্রমে নামজারি পূর্বক রাজস্বাদি প্রদান করে আমরা উক্ত ভূমি ভোগ দখল করে আসছি। তিনি আরও জানান, আমাদের স্বত্ব দখলীয় সম্পত্তির ১৮ শতক জায়গার উপর ছয়আনিপাড়া জামে মসজিদ ও আমাদের পারিবারিক কবরস্থান অবস্থিত। এর মধ্যে ৪ শতক ভূমি আমাদের পূর্ব পুরুষেরা ছয়আনিপাড়া জামে মসজিদের নামে ওশাকফ্ করে দিয়েছেন। অবশিষ্ট ১৪ শতক ভূমি পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

কবরস্থানের ৪ শতক ভূমি আমাদের এক অংশীদার কে এম সাইফুল ইসলাম হায়দারের কাছে বিক্রি করে। আমরা ওই বিক্রির বিরুদ্ধে আদালতে প্রিহামশন মামলা করেছি। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। তিনি আরো জানান উক্ত কবরস্থানে সাইদুল ইসলাম রাঙ্গা ও কে এম নাসির উদ্দিনের কোন স্বত্ব নেই। তদুপরি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উপজেলা আওয়ামীলীগ নেতা কেএম নাছির উদ্দিন ও তার ভাইয়েরা ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে কবরস্থানটি জোরপূর্বক নিজেদের দখলে রাখে। কবরস্থানটি আমাদের সম্পত্তি হওয়া সত্বেও নিজেদের কেউ মারা গেলে নাছির উদ্দিন গংদের অনুমতি ব্যতীত কাউকে দাফন করতে দিতো না। উপরন্তু আমাদের নানাভাবে হয়রানি করা হতো। আমরা বিএনপি’র রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকায় রাঙা ও নাছির গং ভয়ভীতি দেখিয়ে আমাদের এলাকায় আসতে দিতো না। তিনি জানান, সম্প্রতি ওই কবরস্থানের জায়গার মালিকদের অংশীদার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. রকিবুল হাসান মিন্টু উপজেলা সরকারি কমিশনার (ভূমি)’র অনুমতি নিয়ে চলতি বছরের ১৮ মে কবরস্থানের আবর্জনা পরিস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা ও নামাজের জায়গা বৃদ্ধির কাজ শুরু করেন। এসময় আওয়ামী লীগ নেতা কেএম নাছির উদ্দীনের নির্দেশে তার বড় ভাই সাইদুল ইসলাম রাঙা দলবল নিয়ে সংস্কার কাজে বাধা প্রদান করেন। একপর্যায়ে সাইদুল ইসলাম রাঙা ও তার সহযোগীরা ড. রকিবুল হাসান খানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও উপর্যুপরি কিল ঘুষি মেরে আহত করে।

এসময় কবরস্থানের ভূমির আরেক অংশীদার নূর মোহাম্মদ ফয়সাল ওরফে বিপ্লব ঘটনাস্থলে এলে তাকেও ওই সন্ত্রাসী বাহিনী বেদম মারধর করে। এঘটনায় ড. রকিবুল হাসান খান বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সংবাদ সম্মেলনে ড. রকিবুল হাসান খান মিন্টু বলেন, থানায় জিডি করার পর থেকে অজ্ঞাতস্থান থেকে কেএম নাছির উদ্দীন তাকে ভয়ভীতি ও হুমকী দিচ্ছে। তিনি ক্ষোভের সাথে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে একটি কবর ভাঙার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সামাজিকভাবে তাকে হেয় করার হীন উদ্দেশ্যে ওই অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সাইফুল ইসলাম রাঙার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ও নাছিরের কোন স্বত্ব না থাকলেও আমার ভগ্নপতি ও মৃত ভাই কেএম সাইফুল ইসলাম হায়দারের স্বত্ত্ব আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রিহামশন মামলায় আদালতের রায় আমরা মেনে নিবো। সংবাদ সম্মেলনের মাধ্যমে মালিকপক্ষের প্রকৃত ওয়ারিশগণ কাগজপত্রের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থান ও কবরস্থানের পবিত্রতা রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে কবরস্থানের মালিক পক্ষের ড. রকিবুল ইসলাম খান মিন্টু, মাহফুজুর রহমান রন্টু, আবু আল হাসান খান টিংকু, নূর মোহাম্মদ ফয়সাল খান বিপ্লব সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।