রংপুরে তিন দিন ব্যাপি বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

0
বিভাগীয় নগরী রংপুরে তিন দিন ব্যাপি বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জয়নাল আবেদীন: ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যে বিভাগীয় নগরী রংপুরে তিন দিন ব্যাপি বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

গতকাল সোমবার সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন কমিশনার শহিদুল ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন বিজ্ঞান সপ্তাহের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে অনুপ্রাণিত করা। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে বিশ্ব আজ একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হওয়ার বিকল্প নেই।বক্তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা আরো বলেন, বিজ্ঞান চর্চায় আরো মনোযোগী হতে হবে এবং এমন উদ্ভাবন করতে হবে যা দেশের ১৮ কোটি মানুষের পাশাপাশি বৈশ্বিক মানবকল্যাণেও অবদান রাখতে পারে।মেলায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বলা হয় জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ে নিজেদের এগিয়ে নিতে এই চর্চা অব্যাহত রাখতে হবে। প্রশাসন এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার রংপুর বিভাগের উপ পরিচালক মৌসুমী আফরিদা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মো: শরীফুল আলম ,সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলায় ৪৩টি স্টল স্থান পেয়েছে।