নাটোর প্রতিনিধি: হাসপাতালে চিকিৎসাধীন দুই বছরের অসুস্থ শিশুকন্যার পাশে থাকা এক তরুণী মাকে (২০) ধর্ষণের অভিযোগে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তিন আউটসোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) গভীর রাতে হাসপাতালের ষষ্ঠ তলার সিঁড়িঘরে এই পাশবিক ঘটনা ঘটে। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর পুরো নাটোর জেলা জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— অমিত (২৩), অনিল (২৪) ও প্রাঙ্গণ (২৩)। তারা সবাই ওই হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মচারী বলে নিশ্চিত করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ জুন শিশুটি অসুস্থ হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। ভুক্তভোগীর স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় মা একাই শিশুটির দেখভাল করছিলেন।
৭ জুন (রোববার) রাত অভিযুক্তদের একজন ওষুধ দেওয়ার কথা বলে ভুক্তভোগী মাকে ওয়ার্ড থেকে ডেকে নিয়ে যায়। ষষ্ঠ তলার সিঁড়িঘর সেখানে নিয়ে অমিত নামের অভিযুক্ত যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এই সময় অপর দুই অভিযুক্ত অনিল ও প্রাঙ্গণ পুরো ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং পরে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে চুপ থাকতে বাধ্য করে।
দীর্ঘ সময় মাকে না পেয়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে ওয়ার্ডের নার্স ও অন্য রোগীদের নজরে আসে। খোঁজাখুঁজির একপর্যায়ে হাসপাতালের আনসার সদস্যরা সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে সন্দেহজনক চলাচল দেখে তারা ষষ্ঠ তলার সিঁড়িঘরে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন।
ভুক্তভোগীর স্বামী জানান “আমি পরদিন সকালে হাসপাতালে এসে পুরো ঘটনা জানতে পারি। নিরাপদ ভেবে যেখানে বাচ্চাকে সুস্থ করতে এলাম, সেখানেই আমার স্ত্রীর সম্ভ্রমহানি করা হলো। আমি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই।”
আজ মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান “অভিযোগ পাওয়ার পরপরই আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে। আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।”

