
বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের তরুণ সমাজ ও নতুন উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক ও নীতিগত সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে তরুণ উদ্যোক্তারা কোনো প্রকার জামানত (Security) ছাড়াই স্বল্প সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। পাশাপাশি, সম্ভাবনাময় স্টার্টআপগুলোর জন্য মাত্র ৪ শতাংশ সুদে বিশেষ ঋণ তহবিল এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণসহ ভাতার ব্যবস্থা করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং নারী আসন-৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার পৃথক দুটি প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণদের জন্য সম্পূর্ণ ‘বিনা সুদে’ কোনো ঋণ প্রকল্প চালু নেই। তবে তরুণদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে অত্যন্ত সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম (Refinance Scheme) পরিচালনা করছে।
তহবিলের আকার বৃদ্ধি: কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের এই তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। বিনা জামানতে ঋণ: এই স্কিমের আওতায় নতুন উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। জামানতসহ বড় ঋণ: কোনো উদ্যোক্তা যদি জামানত দিতে পারেন, তবে তিনি সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
নতুন ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করা স্টার্টআপগুলোর জন্য সরকার আরও বড় সুখবর এনেছে। অর্থমন্ত্রী জানান, স্টার্টআপদের ঋণ প্রাপ্তি সহজ করতে ৫০০ কোটি টাকার ‘স্টার্ট আপ ফান্ড’ নামক আরেকটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হচ্ছে।
তহবিল থেকে উদ্ভাবনী স্টার্টআপগুলো মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে।
এছাড়াও, কেবল ঋণই নয়, স্টার্টআপ খাতে সরাসরি মূলধন বা ইক্যুইটি সহায়তা (Equity Support) প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ৩৯টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ নামক একটি প্রতিষ্ঠান গঠন করা হয়েছে।
তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। ‘Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)’-এর অধীনে মাসব্যাপী ১০০ ঘণ্টার একটি বিশেষ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ (EDP) কার্যক্রম দেশজুড়ে পরিচালিত হচ্ছে।
এই প্রশিক্ষণের জন্য তরুণদের কোনো ফি দিতে হবে না। সফলভাবে কোর্স শেষ করলে উল্টো প্রত্যেককে ৫,০০০ টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে। এই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা পরবর্তীতে ব্যাংক থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।
একই অধিবেশনে নারী আসন-৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের বিড়ি শিল্পের কর কাঠামো নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।
সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, তামাকজাত পণ্যের ওপর বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করা হবে কি না। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, নিম্ন আয়ের মানুষের ব্যবহৃত এই তামাকজাত পণ্যের দাম আগামী বাজেটে বাড়ছে না।
