বাউফলে দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর অন্তসত্ত্বা করার অভিযোগ: লম্পট রাব্বি গ্রেপ্তার

0
বাউফলে দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর অন্তসত্ত্বা করার অভিযোগ: লম্পট রাব্বি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বাক ও দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) একাধিকবার ধর্ষণের পর অন্তসত্ত্বা করার পৈশাচিক অভিযোগে সাব্বির খান ওরফে রাব্বি (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৩টার দিকে বাউফল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাব্বির খান রাব্বি বাউফল উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা শহিদুল খানের ছেলে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীটি জন্মগতভাবেই দৃষ্টিপ্রতিবন্ধী এবং তার মানসিক বিকাশও সাধারণ মানুষের মতো স্বাভাবিক নয়। কিশোরীর এই অসহায়ত্বের সুযোগ নিয়ে বখাটে রাব্বি দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময় তাকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। প্রতিবন্ধী হওয়ায় এবং লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রথমে কাউকেই জানাতে পারেনি ওই কিশোরী।

সম্প্রতি ওই কিশোরী শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যদের মনে সন্দেহের দানা বাঁধে। পরবর্তীতে গত সপ্তাহে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, কিশোরীটি বর্তমানে প্রায় ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এই মর্মান্তিক খবর শোনার পর পরিবারের সদস্যরা কিশোরীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে কান্নায় ভেঙে পড়ে এবং অভিযুক্ত রাব্বির নাম উল্লেখ করে তার ওপর ঘটে যাওয়া অমানুষিক নির্যাতনের বিবরণ দেয়।

ঘটনাটি জানার পরপরই ভুক্তভোগীর পরিবার বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ বিষয়টি চরম গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষণিক অভিযানে নামে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন এক কিশোরীকে ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সাব্বির খান রাব্বিকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি (মেডিকেল) পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (১১ জুন) সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।”

এই জঘন্যতম ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।