প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা 

0
প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা 

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন একটি ছাত্রাবাস থেকে মো. মাহফুজুর রহমান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার ‘আয়েশা টাওয়ার’ ছাত্রাবাস থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে ভিডিও কলে থাকা অবস্থায় তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রাবাস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাহফুজুর রহমান তাঁর প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় হঠাৎ আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তাঁর প্রেমিকা তাৎক্ষণিকভাবে ছাত্রাবাসের ম্যানেজারকে ফোন করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ম্যানেজার ও পাশের কক্ষের কয়েকজন শিক্ষার্থী দ্রুত ছুটে গিয়ে মাহফুজের রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে; তাঁরা মাহফুজকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি জানতে পারে। এরপর পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ঘটনার খবর পেয়ে আয়েশা টাওয়ারে ছুটে আসেন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভূঁইয়া। মেধাবী এই শিক্ষার্থীর এমন অকাল প্রস্থানে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন “কোনোভাবেই আমরা এটা ব্যাখ্যা করতে পারছি না যে এমন একটা মেধাবী শিক্ষার্থী এ রকম সিদ্ধান্ত নিয়ে নেবে। তার সহপাঠীদের সাথে কথা বলে জানলাম, তারাও এই চলমান মানসিক সমস্যা বা সংকটের বিষয়ে কিছুই জানত না। এই অপ্রত্যাশিত ঘটনাটি আমাদের বিভাগে পূর্বে কখনোই ঘটেনি। এই জায়গা থেকে আমার মনে হয়, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্কটা আরও নিবিড় হওয়া উচিত, যেন তারা যেকোনো সমস্যার কথা আমাদের সাথে শেয়ার করতে পারে।”

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় থাকা ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্টে শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কোনো ‘সুইসাইড নোট’ পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও, প্রাথমিকভাবে একে আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মাহফুজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) না করার অনুরোধ জানানো হয়েছে। পুলিশের আইনি সুরতহাল প্রক্রিয়া শেষে লাশটি আপাতত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।