কামালপুর সীমান্তে তোলপাড়: ২৪ ঘণ্টা নোম্যানস ল্যান্ডে কাটানো সেই বৃদ্ধকে উদ্ধার করল বিজিবি

0
কামালপুর সীমান্তে তোলপাড়: ২৪ ঘণ্টা নোম্যানস ল্যান্ডে কাটানো সেই বৃদ্ধকে উদ্ধার করল বিজিবি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে কথিত ‘পুশ ইন’ চেষ্টার ঘটনায় দেশজুড়ে তুমুল আলোড়ন ও সীমান্ত উত্তেজনার পর অবশেষে উদ্ধার করা হয়েছে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণকে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আন্তর্জাতিক সীমানার শূন্যরেখা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সম্মুখভাগ থেকে তাকে উদ্ধার করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ষষ্টি চন্দ্র বর্মণ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের স্থায়ী বাসিন্দা এবং একজন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক। গত প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি কামালপুর সীমান্তের নোম্যানস ল্যান্ডের বৈরি ও ঝুঁকিপূর্ণ পরিবেশে আটকে ছিলেন।

সীমান্তে অসহায় অবস্থায় পড়ে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা বিজিবি এবং তার পরিবারের নজরে আসে। ভিডিও দেখে পরিবারের সদস্যরা ষষ্টি চন্দ্রকে শনাক্ত করেন এবং অবিলম্বে বিজিবির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। পরিচয় সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার পর বিজিবি তাকে উদ্ধারের জোরালো পদক্ষেপ নেয়।

এর আগে, ওই বৃদ্ধকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন বা প্রবেশ করানোর চেষ্টা করছে—এমন খবর ছড়িয়ে পড়লে কামালপুর সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়।

বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত তৎপরতার বিরুদ্ধে স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দা এবং বিজিবি শক্ত অবস্থান নিলে সীমান্তে দুই দেশের রক্ষীবাহিনীর মধ্যে মুখোমুখি ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে চলা এই টানটান উত্তেজনার পর অবশেষে আজ সকালে পরিস্থিতি শান্ত হয় এবং শূন্যরেখা থেকে তাকে সরিয়ে আনা সম্ভব হয়।

উদ্ধারের পর বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মণকে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে কাটানোয় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “বৃদ্ধকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। বিজিবির মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা অলরেডি বকশীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এই ঘটনায় সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কামালপুর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।