ব্রাজিলের জার্সি গায়ে মদিনা মসজিদে জুতা চুরি, যুবকের চুল কেটে দিল জনতা

0
ব্রাজিলের জার্সি গায়ে মদিনা মসজিদে জুতা চুরি, যুবকের চুল কেটে দিল জনতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকার ঐতিহাসিক মদিনা মসজিদে জুতা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। অদ্ভুত বিষয় হলো, চুরির সময় ওই যুবকের গায়ে ছিল ল্যাটিন আমেরিকার জনপ্রিয় ফুটবল দল ব্রাজিলের জার্সি।

বুধবার (১০ জুন) দুপুরের পর এই অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনার একটি খণ্ডচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়। নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, দুপুরের নামাজের পর মদিনা মসজিদ থেকে জুতা নিয়ে পালানোর সময় মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা ওই যুবককে অবরুদ্ধ করেন। গণপিটুনি বা পুলিশের হাতে তুলে না দিয়ে ক্ষুব্ধ জনতা এক ব্যতিক্রমী ও অপমানজনক শাস্তির পথ বেছে নেয়।

উত্তেজিত জনতা ব্রাজিলের জার্সি পরা ওই চোরকে আটকে রেখে একটি কাঁচি দিয়ে তার মাথার চুল এলোমেলোভাবে কেটে দেয়। পরবর্তীতে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে ওই যুবকের নাম-পরিচয়, স্থায়ী ঠিকানা কিংবা তিনি কোনো পেশাদার চোর চক্রের সদস্য কি না—সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। মদিনা মসজিদ পরিচালনা কমিটির কোনো দায়িত্বশীল সদস্যও এ নিয়ে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ নিয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “কুমারশীল মোড়ের ঘটনাটি নিয়ে এখনো কেউ থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করেনি। আমরাও ফেসবুকে একটি ভিডিও দেখেছি, যেখানে চুরির অভিযোগে এক যুবকের মাথার চুল কেটে দেওয়ার দৃশ্য চোখে পড়েছে। মসজিদ কর্তৃপক্ষ বা ভুক্তভোগী কেউ যদি লিখিত অভিযোগ দেন, তবে বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শহরের প্রাণকেন্দ্রের একটি মসজিদে এমন প্রকাশ্য চুরির ঘটনা এবং আইন নিজের হাতে তুলে নিয়ে চুল কেটে দেওয়ার এই ‘মব জাস্টিস’ নিয়ে স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।