মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক বলেছেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়নায় যেমন মানুষ নিজের চেহারা দেখতে পায়, তেমনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও বাস্তব চিত্র উঠে আসে। দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাসুক বলেন, “আমার বিষয়ে কোনো অভিযোগ বা তথ্য শুনলে তা যাচাইয়ের জন্য আগে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি সন্তোষজনক উত্তর দিতে না পারি, তাহলে আপনারা যা লিখবেন আমি তা স্বাগত জানাব। আমি মনে করি, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা একজন জনপ্রতিনিধিকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের ইতিবাচক পরিবর্তনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম আর মর্তুজা, বেলাল রিজভী, এস আর শফিক স্বপন, ফরিদ উদ্দিন মুফতি, সাংবাদিক আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, আরিফুর রহমান মোল্লা, মনজুর হোসেন, মহসিন তালুকদার, শাহাদাত জুয়েলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

