শাহজাদপুরে কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন

0
শাহজাদপুরে কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন

শাহজাদপুর প্রতিনিধি : “প্রেম, দ্রোহ ও মানবতায় চিরভাস্বর কবি নজরুল” এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) সন্ধ্যায় শাহজাদপুর সরকারি কলেজ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল জন্ম বার্ষিকীর অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

উদ্বোধনী অনুষ্ঠানের সমবেত সঙ্গীত পরিবেশন করে সংগঠনের শিশু শিল্পীরা। পরে আতিক সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রারম্ভিক বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এ শহীদুল্লাহ বাবলু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন বহুমাতৃক প্রতিভার অধিকারী । বর্তমান তরুণ প্রজন্মের জন্য নজরুল ইসলামের আদর্শ অনুকরণীয়। তিনি বলেন, বর্তমানে সমাজে মানবিকতা ও মূল্যবোধের যে অবক্ষয় দেখা দিয়েছে, তা থেকে মুক্তি পেতে নজরুল ইসলামের সাহিত্যকে ধারন করতে হবে। কারন কবি ছিলেন মানবতা, সাম্য, ভাতৃত্ববোধ, প্রেম ও দ্রোহের কবি।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, শাহজাদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন , রেডিও ও টেলিভিশনের প্রবীন নজরুল সংগীতশিল্পী সালামত হোসেন চৌধুরী, করতোয়া কলেজের প্রভাষক নাছিমা জামান, সাবেক উপাধ্যক্ষ আব্দুর রফিক, শিক্ষক আব্দুর রকিব রুমী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবির লেখা কবিতা, নৃত্য ও সংগীত পরিবেশন করেন, সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের নবীন ও প্রবীন শিল্পীবৃন্দ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত ও আবৃত্তি শিল্পী তাসরিপা ইসলাম প্রিয়ন্তী।