বাংলাদেশ প্রতিবেদকঃ সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ও বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামোর ঘোষণা এসেছে। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিষয়টি বিবেচনা করে আগামী ১ জুলাই ২০২৬ (নতুন অর্থবছরের শুরু) থেকেই এই নতুন বেতন কাঠামো ‘ধাপে ধাপে’ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য এই বড় সুখবরটি দেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন “প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই ২০২৬ হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।”
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অর্থ বিলে স্বাক্ষর করে সম্মতি জ্ঞাপন করেন। রাষ্ট্রপতির সম্মতির পর বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পিকারের অনুমতি নিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের ৫৫তম এই বাজেট বক্তৃতা শুরু করেন।
১১ বছর পর নতুন এই বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

