জয়নাল আবেদীনঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার জের ধরে মৃত রোগীর লাশ আটকে রেখে অভিযুক্ত ছেলেকে প্রকাশ্যে ‘কান ধরে উঠবস’ করিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে। তবে এই নাটকীয় ঘটনার পরও নিরাপত্তার দাবিতে আজ রোববার (১৪ জুন) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই সঙ্গে মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে শামিল হয়েছেন।
এই ধর্মঘটের কারণে হাসপাতালের সাধারণ ওয়ার্ড ও বহির্বিভাগের চিকিৎসা সেবা কার্যত ভেঙে পড়েছে, চরম দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা শত শত সাধারণ রোগী।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, ঘটনার শুরু শনিবার (১৩ জুন) ভোরে। রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা নূরনাহার বেগমকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। কিন্তু ভর্তির কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
মায়ের মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের ছোট ছেলে রিফাত হোসেন। একপর্যায়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক নাইম বকশী এবং ইনডোর অফিসার ডা. রাকিব হাসানের ওপর চড়াও হন এবং তাদের মারধর করেন রিফাত।
চিকিৎসকদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা শনিবার বেলা ১১টা থেকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন। দুপুরের দিকে মৃত নূরনাহার বেগমের লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে আন্দোলনকারীরা তাতে বাধা দেন এবং লাশ অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হাসপাতালের মর্গে আটকে রাখেন।
মাইক ফুঁকে ঘোষণা দেওয়া হয়—”অভিযুক্ত রিফাত হাসপাতালে এসে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার মায়ের লাশ দেওয়া হবে না।”
তীব্র চাপের মুখে অভিযুক্ত রিফাত হোসেনকে দুপুরে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ডেকে আনা হয়। সেখানে হাসপাতাল প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে রিফাতকে কান ধরে উঠবস করানো হয়। এই শাস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় রিফাতের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাদমান মিরাজ। রিফাত ক্ষমা চাওয়ার পর বিকেল ৩টার দিকে তার মায়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মায়ের লাশ আটকে ছেলেকে কান ধরে উঠবস করানোর পরও কেন আজ থেকে কর্মবিরতি—এমন প্রশ্নের জবাবে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাদমান মিরাজ বলেন “অভিযুক্ত যুবকের মায়ের জানাজা ছিল, তাই আমরা তাৎক্ষণিকভাবে কোনো মামলা বা আইনি কঠোরতায় যাইনি। লঘু দোষে যেন গুরু শাস্তি না হয়, তাই তাকে শুধু ক্ষমা চাইতে বলা হয়েছে।”
তিনি অভিযোগ করেন, চিকিৎসকদের মারধরের পর পুলিশকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা একটি ‘মব’ (উত্তেজিত জনতা) তৈরি করে এই ঘটনা ঘটিয়েছে, যার ওপর ইন্টার্ন পরিষদের কোনো নিয়ন্ত্রণ ছিল না।
চিকিৎসকদের কর্মক্ষেত্রে স্থায়ী নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানিয়েছেন, ইন্টার্নদের দাবিগুলো নিয়ে বসা হবে এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে। | সার্জারি বিভাগের রোগীর স্বজন মশিউর রহমান বলেন, “ওয়ার্ডে সিনিয়র ডাক্তাররা থাকেন না, ইন্টার্নরাই ভরসা। তারা না এলে আমাদের রোগীদের কী হবে?”
হাসপাতালে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং চিকিৎসকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো স্থায়ী আইনি পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইন্টার্নরা কাজে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

