কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। পরিবারের সদস্যদের চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে ঘরে থাকা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার দোরমুটিয়া গ্রামে শনিবার (১৩ জুন) রাতে ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সহকারী কর্মকর্তা সাইফুল কবির টিপুর পরিবারের সদস্যরা রাতে রান্না করা খাবার খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে তারা অচেতন হয়ে গেলে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
রোববার সকালে পরিবারের সদস্যদের অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। সেই খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে সুযোগ বুঝে তারা মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া সাইফুল কবির টিপুর স্ত্রীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য সদস্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি কেশবপুরসহ আশপাশের এলাকায় অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের ঘরে প্রবেশ করে অথবা খাবারে চেতনানাশক মিশিয়ে তারা লুটপাট চালাচ্ছে। ফলে গ্রামাঞ্চলে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনার বিষয়ে কেশবপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

