‘জান্নাতের সোল এজেন্ট নাকি দাড়ি-টুপি!’ সংসদে চানাচুরের পুষ্টি মেপে বিরোধীদের তুলোধোনা করলেন এমপি লিংকন

0
‘জান্নাতের সোল এজেন্ট নাকি দাড়ি-টুপি!’ সংসদে চানাচুরের পুষ্টি মেপে বিরোধীদের তুলোধোনা করলেন এমপি লিংকন

বাংলাদেশ প্রতিবেদকঃ “নীল নদের পানি যেমন আসলে নীল নয়, তেমনি দাড়ি-টুপি থাকলেই যে নারী স্বাধীনতা ও হিজাবের প্রতি সম্মান থাকবে—বিষয়টা এমন নয়।” ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দাঁড়িয়ে এভাবেই ছদ্মবেশী ধর্মীয় রাজনীতির কড়া সমালোচনা করলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

রোববার (১৪ জুন) ২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি একই সাথে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ‘জান্নাতের টিকিট’ বিক্রি ও নৈতিক স্খলনের বৈপরীত্য এবং বিরোধী জোটের বিকল্প বাজেটকে ‘খামাখা’ বলে উড়িয়ে দেন।

‘জান্নাতের সোল এজেন্ট ও ধর্ষণের বৈপরীত্য’

স্পিকারকে সম্বোধন করে এমপি লিংকন ইসলামের রাজনৈতিক ব্যবহারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন “বাজারে মাঝে মাঝে একটা ন্যারেটিভ (আখ্যান) চালানোর চেষ্টা হচ্ছে যে—জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা! নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ।”

তিনি আরও যোগ করেন, বিশ্ব রাজনীতির সমীকরণে অনেকেই ইসলামের কথা বলে শরীয়া আইনের প্রশ্ন এড়িয়ে গেছেন। কিন্তু ফ্যাক্ট (বাস্তবতা) হলো—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহ’ যুক্ত করেছিলেন এবং তারই উত্তরসূরি তারেক রহমান সাহেবের কল্যাণে আজ স্পিকারের মাথার ওপর ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং দুয়ারে দুয়ারে ‘সর্বশক্তিমান আল্লাহ’ খোদাই করা আছে। কোনো কৌশল বা ‘হিকমা’র অজুহাতে একে আড়াল করার প্রয়োজন পড়েনি।

‘উজিরে খামাখা’র ছায়া বাজেট ও চানাচুর তত্ত্ব

বাজেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী শিবিরের ছায়া বাজেট প্রণয়নকারীকে ‘উজিরে খামাখা’ বলে ব্যঙ্গ করেন শামীম কায়সার। তিনি জানান, দেশের ৯ লাখ৩৮ হাজার কোটি টাকার মূল বাজেটের বিপরীতে ওই অর্থনীতিবিদ ৮ লাখ ৮২ হাজার কোটি টাকার ছায়া বাজেট দিয়েছেন। অথচ তারা নিজেরাই বলছিলেন প্রকৃত বাজেট ৫ লাখ কোটি টাকার বেশি হওয়া উচিত নয়। এমপি প্রশ্ন তোলেন, “প্রকৃত বাজেট ৫ লাখ কোটি টাকার হলে আপনি ‘মিস্টার খামাখা’ কেন ৮ লাখ ৩২ হাজার কোটির ছায়া বাজেট বানালেন? আপনি ৫ লাখ কোটির বাজেট করলেই তো পারতেন!”

এর আগে বাজেট প্রতিক্রিয়ায় এনসিপি নেতা নাহিদ ইসলাম মন্তব্য করেছিলেন, “এই বাজেট দেখতে সুন্দর এবং সাময়িকভাবে ‘খেতে ভালো’ হলেও, এতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের মতো প্রয়োজনীয় কোনো ‘পুষ্টিগুণ’ নেই।”

তার এই রূপক সমালোচনার জবাবে এমপি লিংকন সংসদে রীতিমতো চানাচুরের বৈজ্ঞানিক পুষ্টিগুণ পড়ে শোনান। তিনি বলেন, বাজেটে চানাচুরের পুষ্টিগুণ পরিমাপের জন্য একটি আলাদা কমিটি গঠনের বরাদ্দ রাখা উচিত ছিল। চানাচুরকে ‘অপুষ্টিকর’ ভাবা ভুল উল্লেখ করে তিনি প্রতি ১০০ গ্রাম চানাচুরের ব্যবচ্ছেদ করে জানান, ক্যালরি ৫০০ থেকে ৫৫০ কিলোক্যালরি, ফ্যাট (চর্বি) ৩৫ গ্রাম, প্রোটিন ১০ গ্রাম, ফাইবার ৫ গ্রাম, সোডিয়াম ৮০০ মিলিগ্রাম

তিনি দাবি করেন, সার্চ করলেই দেখা যায় চানাচুরের যথেষ্ট খাদ্যগুণ রয়েছে। তাই সরকারের এই বিশাল বাজেটকে পুষ্টিহীন বলা সস্তা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়।

নিজের দলের ভেতরে এবং সংসদে জবাবদিহিতা ও আত্মসমালোচনার চমৎকার পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে এমপি লিংকন ব্যক্তি স্বাধীনতার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।