মাদারীপুর প্রতিনিধিঃ শহরের নামী রেস্তোরাঁ ‘আরএফসি’র খাবার খেয়ে এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৪০ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ‘ফুড পয়জনিং’-এর ঘটনার পর রোববার (১৪ জুন) সন্ধ্যায় পুরানবাজার এলাকার ওই রেস্তোরাঁটিতে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ মেলায় রেস্তোরাঁ মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম হলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ বা সিলগালা করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার আরএফসি রেস্টুরেন্টের খাবার খাওয়ার পর থেকেই মূলত ঘটনার সূত্রপাত।
শুক্রবার রাত থেকে শুরু করে রবিবার দুপুর পর্যন্ত মাদারীপুর পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০ জন তীব্র ডায়রিয়া ও বমি নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন।চিকিৎসাধীন রোগীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জরুরি ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থ ক্রেতাদের স্পষ্ট অভিযোগ, রেস্তোরাঁটির বাসি, অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার খাওয়ার কারণেই তারা এই চরম ভোগান্তিতে পড়েছেন।
ভয়াবহ এই ঘটনার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মঈন শিকদারের নেতৃত্বে আরএফসি রেস্টুরেন্টে চিরুনি অভিযান চালানো হয়।
অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রেস্তোরাঁটির রান্নাঘর ও খাবার সংরক্ষণ প্রক্রিয়ায় ভয়াবহ অনিয়ম পাওয়া গেছে। নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ও নিম্নমানের পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল। এই অপরাধে রেস্তোরাঁ মালিক মো. রেজাউলকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে কর্মকর্তারা জানান, মাদারীপুরের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। রোববার সন্ধ্যার এই অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপাতত জরিমানার মাধ্যমে রেস্তোরাঁটিকে শেষ সুযোগ দেওয়া হলেও, জনস্বাস্থ্যের ক্ষতি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন।

