দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বাধা, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে তলব ও কড়া প্রতিবাদ

0
দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বাধা, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে তলব ও কড়া প্রতিবাদ

কূটনৈতিক প্রতিবেদকঃ ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ইমিগ্রেশনে দীর্ঘ সময় আটকে রেখে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এই ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়েকে (পাওয়ান বঢ়ে) তলব করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে একটি কড়া প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাজির হন ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়ে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান তাঁর সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে বিমানবন্দরে বাংলাদেশের একজন শীর্ষ রাষ্ট্রীয় উপদেষ্টার সঙ্গে আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয় এবং কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের এই ঘটনার আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করা হয়।

জানা গেছে, ভারতের নয়াদিল্লিতে আজ সোমবার থেকে শুরু হওয়া ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন’ (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের। সেই উদ্দেশ্যে গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, গত শুক্রবারই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠির (নোট ভারবাল) মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সফরের বিষয়টি অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে সেখানে প্রবেশ করতে না দিয়ে দীর্ঘ সময় আটকে রাখে।

ইমিগ্রেশনে দীর্ঘক্ষণ হেনস্থার পর, পরবর্তী সময়ে ভারতের উচ্চ মহলের হস্তক্ষেপে ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে বিমানবন্দরে এমন অনাকাঙ্ক্ষিত ও মর্যাদাহানিকর আচরণের প্রতিবাদে তিনি আর সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন। দিল্লিতে প্রবেশ না করেই তিনি কলম্বো হয়ে আজ সোমবার দুপুর নাগাদ ঢাকায় ফিরে আসেন।

আজ সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অত্যন্ত দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমদধ্যেই যথাযথ ও শক্ত কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। দিন শেষে আমরা এই বিষয়ে বিস্তারিত হালনাগাদ তথ্য জানাতে পারব।”

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সুসম্পর্কের মধ্যে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে এমন আচরণ দুই দেশের কূটনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দুঃখপ্রকাশের অপেক্ষায় রয়েছে ঢাকা।