ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় কংস নদী থেকে নিশামনি নামে পাঁচ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে কামড়ের দাগ ও রক্তক্ষরণের মতো ভয়াবহ আলামত দেখে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বজনরা।
রবিবার (১৪ জুন) রাতে উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। নিহত নিশামনি ওই গ্রামের তাজু মিয়ার সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় নিশামনি। স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাচ্ছিলেন না। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা বাড়ির পাশের কংস নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিশামনির মরদেহ শনাক্ত করেন।
নদী থেকে মরদেহ উদ্ধারের পর রাতেই যখন নিশামনিকে শেষ গোসল করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখনই উন্মোচিত হয় এক বীভৎস সত্য। স্বজনরা শিশুটির শরীরের বিভিন্ন স্থানে চরম নির্যাতনের চিহ্ন দেখতে পান।
শিশুটির গলা ও বুকে কামড়ের গভীর ক্ষত লক্ষ্য করা যায়। পাশবিক নির্যাতনের কারণে তার শরীর থেকে রক্তক্ষরণের স্পষ্ট আলামত দেখতে পান পরিবারের সদস্যরা।
নিহতের আত্মীয় ফারহানা ইসলাম ঈষিতা ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মাত্র পাঁচ বছরের একটা নিষ্পাপ শিশুকে এভাবে ধর্ষণ করে কংস নদীতে ভাসিয়ে দেওয়া হলো! আমরা এই পৈশাচিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই।”
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ধোবাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। শিশুটির শরীরে কিছু ক্ষত ও আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমাদেরও সন্দেহ হচ্ছে এটি একটি লৈঙ্গিক নির্যাতন বা ধর্ষণের ঘটনা। তবে ময়নাতদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ শতভাগ নিশ্চিত হওয়া যাবে।”
এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

