
বাংলাদেশ প্রতিবেদকঃ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও দেশের ভেতরের উচ্চ মূল্যস্ফীতির চাপ সামলে অভ্যন্তরীণ অর্থনীতিকে পুনর্গঠন করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। একই সাথে তিনি দেশের সার্বিক অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে সরকারি ব্যয়ে মিতব্যয়িতা ও অপচয় রোধের ওপর বিশেষ জোর দেন।
সংসদে অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে সরকারের নিট ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে জাতীয় নির্বাচন-পূর্ববর্তী সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি কিছুটা মন্থর হওয়ায় সংশোধিত বাজেটে মোট ব্যয় ২ হাজার কোটি টাকা কমানো হয়েছে। ফলে সংশোধিত বাজেটে নতুন ব্যয়ের আকার দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা।
বাজেটের সার্বিক ঘাটতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সংশোধিত বাজেটে মোট ঘাটতি প্রস্তাব করা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৩ শতাংশের সমান।
বাজেট সমন্বয়ের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী মোট ২৭টি মন্ত্রণালয়, বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অনুকূলে ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। অন্যদিকে তুলনামূলক কম অগ্রাধিকারপ্রাপ্ত ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ থেকে ৫৯ হাজার ৩৪৮ কোটি ৬৭ লাখ টাকা কাটছাঁট করা হয়েছে।
বিশ্ববাজারের পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারকে কিছুটা ভর্তুকি সমন্বয় করতে হলেও সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও বিস্তৃত করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। নিম্ন ও সীমিত আয়ের মানুষের সুবিধার্থে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পরিধি বাড়ানোর পাশাপাশি ইমাম, পুরোহিত ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। এসব কল্যাণমুখী উদ্যোগের কারণেই সম্পূরক বাজেটে ব্যয় ও ঘাটতির কিছু জায়গায় প্রয়োজনীয় সমন্বয় করতে হয়েছে।
“বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে প্রশাসনিক ব্যয় সংকোচন ও মিতব্যয়িতা নিশ্চিত করার এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।” — আমির খসরু মাহমুদ চৌধুরী (অর্থমন্ত্রী)
