বিমানবন্দর কাণ্ড নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

0
বিমানবন্দর কাণ্ড নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

বাংলাদেশ প্রতিবেদকঃ ভারতের দিল্লি বিমানবন্দরে সাড়ে দুই ঘণ্টা বসিয়ে রাখার অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (১৬ জুন) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ঘটনার আসল সত্য তুলে ধরেন।

উপদেষ্টা স্পষ্ট করেছেন যে তাকে কোনো জিজ্ঞাসাবাদ বা রুমে আটকে রাখা হয়নি, তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যে কূটনৈতিক প্রটোকল ও সম্মান তাঁর প্রাপ্য ছিল, তা দেওয়া হয়নি।

দিল্লি বিমানবন্দরে তাকে হেনস্থা ও আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে আজ সে বিষয়ে কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “ওখানে কোনো রুমে নিয়ে আটকে রাখা হয়েছে, এটা একদম ভুল কথা। আমাকে কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি, জাস্ট একটা জায়গায় বসতে দেওয়া হয়েছিল। আমার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে বলব না, তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আমার সঙ্গে যে আচরণ করার কথা ছিল, সেটি করা হয়নি।”

পরিস্থিতি আরও জটিল হওয়া এড়াতে বাংলাদেশ প্রতিনিধি দল সংযম দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমি সিচুয়েশনটাকে বেশি খারাপ করতে চাইনি। আমরা চাইলে পুরো প্রতিনিধি দলকে প্রত্যাহার করতে পারতাম, কিন্তু তা করা হয়নি।” তবে এই ঘটনার পরেও ভারত যদি ভবিষ্যতে যথাযথভাবে আমন্ত্রণ জানায়, তবে তিনি আবারও সে দেশে যাবেন বলে জানান।

এই ঘটনার পর দিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ বা ভুল স্বীকার করা উচিত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা দায়িত্বশীল মন্তব্য করেন। তিনি জানান, বিষয়টি এখন দুই দেশের উচ্চপর্যায়ের কূটনৈতিক টেবিলে রয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখন পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে।

ঠিক কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে?

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে যোগ দিতে গত রবিবার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। তাঁর এই সফরের বিষয়টি গত ১২ জুনই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

দিল্লি বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো স্পষ্ট কারণ ছাড়াই উপদেষ্টাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে। তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে রহস্যজনক টালবাহানা করা হয়। এই দীর্ঘ অপেক্ষাকে নিজের এবং দেশের আত্মসম্মানে আঘাত হিসেবে বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি বেগতিক ও কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানায়। কিন্তু ডা. জাহেদ নিজের সিদ্ধান্তে অটল থাকেন।

রবিবার রাতেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি দিল্লির পাঠ চুকিয়ে কলম্বোর উদ্দেশ্যে রওনা হন। সোমবার ভোরে শ্রীলঙ্কা পৌঁছানোর পর, সেখান থেকে সকাল ৮টায় ঢাকার বিমান ধরেন এবং বেলা পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ ঘটনার পর ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকেই এখন সবার নজর।