‘এখানকার মতো তাজা আম আমেরিকায় মেলে না’: বানেশ্বর হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

0
‘এখানকার মতো তাজা আম আমেরিকায় মেলে না’: বানেশ্বর হাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ ও বাজারজাতকরণ স্বচক্ষে দেখতে অন্যতম বৃহৎ আমের বাজার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখেন। এ সময় আমের রাজধানী রাজশাহীর তাজা আমের স্বাদ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূতের এই আকস্মিক ও জমজমাট সফরে পুরো হাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁর সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সলমান, পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম, পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী এবং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরশাপাতসহ বিভিন্ন জাতের আমের খোঁজখবর নেন। তিনি নিজে চাষি ও আড়তদারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত আমের স্বাদ নেন।

আমেরিকানদের আমপ্রীতির কথা উল্লেখ করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, “আমেরিকানরা আম খুব পছন্দ করে। তবে আমরা সাধারণত সেগুলো হিমায়িত (ফ্রোজেন) অবস্থায় পাই এবং মূলত শেক তৈরিতে ব্যবহার করি। যুক্তরাষ্ট্রে আম পাওয়া গেলেও, আমার মনে হয় না সেখানে এখানকার মতো এত তাজা এবং সুস্বাদু আম পাওয়া সম্ভব।”

তিনি আরও যোগ করেন, “রাজশাহীতে রাষ্ট্রদূত হিসেবে এটি আমার প্রথম সফর হলেও ২০২০ সালে আমি একবার এসেছিলাম। তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি কারণ আমি রাজশাহীর আমের আসল স্বাদ নিতে চেয়েছিলাম। আমি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছি। পণ্য যেখানে উৎপাদিত হয় সেখানে যাওয়ার মতো সেরা অভিজ্ঞতা আর নেই।”

বাংলাদেশের আম আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে রপ্তানির সম্ভাবনা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি কাঁচা আম পরিবহনের চেয়ে হিমায়িত আম রপ্তানির ওপর জোর দেন।

রাষ্ট্রদূত বলেন, বিশ্ববাজারে সারা বছর আমের সহজলভ্যতা নিশ্চিত করতে হলে বাংলাদেশকে ‘কোল্ড চেইন’ (আধুনিক হিমাগার ব্যবস্থা) ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করতে হবে। উন্নত কোল্ড চেইন ছাড়া দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমের গুণগত মান বজায় রাখা কঠিন। তাই এই খাতের আধুনিকায়ন বাংলাদেশের আম রপ্তানির দুয়ার খুলে দিতে পারে।

বানেশ্বর হাটের আম ব্যবসায়ীরা জানান, মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন শীর্ষ কূটনীতিকের পরিদর্শনে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। স্থানীয় আম চাষিরা আশা প্রকাশ করেন, বিদেশি কূটনীতিকদের এই ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন আন্তর্জাতিক অঙ্গনে রাজশাহীর আমের ব্র্যান্ডিং তৈরিতে সাহায্য করবে এবং দেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।