শূন্য রেখায় ৩ দিন: ৫ মাসের শিশুকে নিয়ে ‘পুশইন’ হওয়া ৯ প্রাণের আর্তনাদ, সীমান্তে উত্তেজনা

0
শূন্য রেখায় ৩ দিন: ৫ মাসের শিশুকে নিয়ে ‘পুশইন’ হওয়া ৯ প্রাণের আর্তনাদ, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘তিন দিন ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে অসুস্থ দুই শিশু আর স্বামীকে নিয়ে পড়ে আছি। কোনো দেশই আমাদের গ্রহণ করছে না। আমাদের ৫ মাসের সন্তান ফাইমা আর ৪ বছরের ফাতেমা প্রচণ্ড অসুস্থ। তাদের জরুরি চিকিৎসা প্রয়োজন। আমরা বাঁচতে চাই…’ —সীমান্তের আন্তর্জাতিক পিলারের পাশে বসে এভাবেই বুকফাটা আর্তনাদ করছিলেন সুমি আক্তার নামে এক ভাগ্যবিড়ম্বিত মা। তাঁর এই চোখের জল থমকে দিয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর পাহারাকে।

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের গয়টাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার হয়ে গত তিন দিন ধরে খোলা আকাশের নিচে চরম মানবেতর দিন কাটাচ্ছেন দুই শিশু ও নারীসহ মোট ৯ বাংলাদেশি নাগরিক। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি। ফলে সীমান্তের শূন্য রেখায় এক অনিশ্চিত ভাগ্যের দোলাচলে ঝুলে আছে ৯টি প্রাণ।

ভুক্তভোগীদের দাবি, তারা সকলেই ভাগ্য অন্বেষণে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। আটকে পড়াদের মধ্যে দুটি আলাদা স্পটে ৯ জন রয়েছেন:

প্রথম স্পট (৬ জন): ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুর গ্রামের বেলাল হোসেন ও সুমি আক্তার দম্পতি, তাদের ৫ মাসের শিশু ফাইমা, ৪ বছরের ফাতেমা এবং একই জেলার হিমেল (২৬) ও সজিব হোসেন (১৮)।

দ্বিতীয় স্পট (৩ জন): ময়মনসিংহের হালুয়াঘাটের নাঈম (২২), সুনামগঞ্জের তাহিরপুরের জহিরুল ইসলাম (২৬) এবং নেত্রকোনার বারহাট্টার পারভেজ (২১)।

কৃষিজমি আর ফাঁকা জঙ্গলের মশা, পোকামাকড় ও বৈরী আবহাওয়ার মধ্যে তারা দিনরাত পার করছেন। মানবিক দিক বিবেচনা করে স্থানীয় গ্রামবাসীরা তাদের কাপড়, শুকনো খাবার ও পানি সরবরাহ করছেন। স্থানীয় ইউপি সদস্য মো. সোনা মিয়া এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে তীব্র উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করার কথা জানিয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ জুন) ভোরে ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক ১০৬০ মেইন পিলারের ১ সাব পিলারের কাছে এই নাগরিকদের জোরপূর্বক পুশইন করার চেষ্টা করে। বিজিবি ও স্থানীয় জনতার বাধায় তারা সীমান্তের শূন্য রেখায় আটকা পড়েন।

ব্যর্থ পতাকা বৈঠক: ঘটনার দিন বেলা ১১টায় জামালপুর ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া এবং ভারতের ১৮৩ ব্যাটালিয়নের ঝালোরচর ক্যাম্পের ইন্সপেক্টর প্রদীপ কুমারের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায় এবং বিজিবিও পুশইন হওয়া ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রহণ করেনি। ফলে তিন দিন ধরে এই অচলাবস্থা চলছে।

গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলাম জানিয়েছেন, আটকে পড়া ব্যক্তিরা দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়া পাহারায় রয়েছেন। মানবিক কারণে বিজিবি তাদের খাবার দিচ্ছে এবং বিএসএফ বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন সরবরাহ করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ইমাম হোসেন জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। তবে আটকে পড়া নাগরিকদের মানবিক সংকটের বিষয়টি বিবেচনা করে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ে আলোচনা চলছে এবং দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা করা যাচ্ছে।