প্রতিশোধ নয়, লক্ষ্য ভবিষ্যৎ বিনির্মাণ: গণমাধ্যমকর্মীদের সাথে খোলামেলা আলাপে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
প্রতিশোধ নয়, লক্ষ্য ভবিষ্যৎ বিনির্মাণ: গণমাধ্যমকর্মীদের সাথে খোলামেলা আলাপে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রতিবেদকঃ “ব্যক্তিগত ক্ষতি বা অন্যায়ের প্রতিশোধ নিলেই তা আর ফিরে পাওয়া যায় না; বরং অতীত ভুলে ভবিষ্যৎ বিনির্মাণে মনোযোগ দেওয়াই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।” দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশের শাসনভার গ্রহণের পর এই প্রথম সাংবাদিকদের সাথে এক জমজমাট ও প্রাণবন্ত মতবিনিময় সভায় রাজনৈতিক ও সামাজিক দর্শনের এক নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের ‘বিএনপি বিট’ সাংবাদিকদের সঙ্গে এই বিশেষ মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে তিনি রাজনৈতিক প্রতিহিংসা দূর করা, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য সরকারের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন।

মতবিনিময় অনুষ্ঠানে নিজের ওপর হওয়া দীর্ঘদিনের রাজনৈতিক ও শারীরিক নির্যাতনের প্রসঙ্গ টেনে আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আমরা আমাদের নিজেদের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমার কোমরের পেছনের হাড় এখনো বাঁকা, সেই শারীরিক ভোগান্তি এখনো শেষ হয়নি। কিন্তু আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেই ক্ষতি ফেরত পাবেন বা সবকিছু আগের মতো হয়ে যাবে? হবে না। তাহলে আমরা সেই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে ভাবি যে, আমরা দেশ ও সমাজের জন্য কী করতে পারি? সফল হওয়া বা না হওয়া পরের ব্যাপার, অন্তত এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে কেন আমরা সামনের দিনে এগিয়ে যাব না?”

তিনি স্পষ্ট জানান, কোনো ব্যক্তি বা একক সরকারের পক্ষে সমাজ বদলে দেওয়া অসম্ভব। সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে হলে দেশের প্রতিটি নাগরিক এবং বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত জরুরি।

কাকতালীয়ভাবে ১৬ জুন বাংলাদেশের সংবাদপত্র জগতের জন্য একটি বিশেষ দিন। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন বাকশাল সরকারের আমলে মাত্র চারটি সরকারি পত্রিকা রেখে দেশের সব সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয়েছিল।

এই ঐতিহাসিক দিনটির কথা মনে করিয়ে দিয়ে সরকারপ্রধান বলেন, “আজকের এই দিনে একসময় দেশের সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আজ সেই দিনে আমরা শত শত মুক্ত স্বাধীন সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলছি। তার মানে একটি বিষয় অন্তত প্রমাণিত হয়েছে যে, সংবাদপত্রের কণ্ঠ যেভাবে চেপে ধরা হয়েছিল, সেই টুঁটি চেপে ধরার দমবন্ধ পরিবেশ অন্তত এই মুহূর্তে বাংলাদেশে আর নেই।” তিনি আরও মনে করিয়ে দেন, তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন।

দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সরকারের ভিন্নধর্মী ও দূরদর্শী পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের যে বিপুল শারীরিক ও মানসিক শক্তি থাকে, তা ইতিবাচক খাতে ব্যবহারের সুযোগ করে দিতে হবে। আর এর অন্যতম প্রধান মাধ্যম হলো খেলাধুলা ও সংস্কৃতি।”

ঢাকা শহরসহ দেশজুড়ে খেলার মাঠের তীব্র সংকটের ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, সরকার তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুনরায় চালু করেছে। সম্প্রতি শেষ হওয়া একটি শিক্ষা বিভাগীয় ইভেন্টে সারাদেশের প্রায় ২২ লাখ ছেলে-মেয়ে দল-মত নির্বিশেষে অংশ নিয়েছে। তবে এত বড় একটি ইতিবাচক আয়োজন গণমাধ্যমে যথাযথ গুরুত্ব না পাওয়ায় তিনি কিছুটা দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিকদের এসব জাতীয় কর্মকাণ্ডে আরও বেশি প্রচার দেওয়ার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী কেবল ১৬ ডিসেম্বর বা ২১শে ফেব্রুয়ারির মতো বিশেষ দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান সীমাবদ্ধ না রেখে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরজুড়ে বিতর্ক, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলা (সায়েন্স ফেয়ার) আয়োজনের ওপর জোর দেন।

সাম্প্রতিক সময়ে সমাজে ঘটে যাওয়া নৈতিক অবক্ষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “আজকাল দেখা যায় একটি জীবন্ত প্রাণীকে পিটিয়ে মারা হচ্ছে এবং ১০ জন মিলে তা মোবাইলে রেকর্ড করছে। এগুলো এক ধরনের মানসিক অসুস্থতা।” স্কুলপর্যায় থেকেই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে তথ্য মন্ত্রণালয়কে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

মতবিনিময় সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক সংস্কার ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারের নতুন দুটি যুগান্তকারী পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘ফার্মার্স কার্ড’-এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরাসরি সরকারি সহায়তা এবং কৃষকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমগ্র দেশ যখন ফুটবল উন্মাদনায় ঐতিহ্যগতভাবে ব্রাজিল আর আর্জেন্টিনা—এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফুটবল পছন্দ নিয়ে তৈরি হয়েছে দারুণ এক কৌতুহল। মতবিনিময় সভার একদম শেষভাগে এক সাংবাদিকের হালকা চালের প্রশ্নের জবাবে মুচকি হেসে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য এক ইঙ্গিত দেন। ফুটবল বিশ্বকাপে তিনি কোন দেশকে সমর্থন করেন—জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, “আমি দীর্ঘদিন একটি দেশে (ইংল্যান্ড) ছিলাম, বুঝতেই পারছেন!”

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর রাজকীয় প্রত্যাবর্তনে স্বদেশে ফিরে আসেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করলে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির চমৎকার সঞ্চালনায় এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।