শার্শায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দু’ অস্ত্র ব্যবসায়ী আটক

0
শার্শায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দু' অস্ত্র ব্যবসায়ী আটক

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​আটককৃতরা হলেন— যশোরের শার্শা থানার রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে মো. রাসেল রানা (২৬) এবং বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিম পাড়ার মো. আলতাফ হোসেনের ছেলে মো. জিয়াউর রহমান ওরফে হাফিজুর (৪০)।

​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম শার্শা থানার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের বাসিন্দা রাসেল রানার টিনের বসতঘর থেকে তাকে আটক করা হয়।

​পরবর্তীতে জিজ্ঞাসাবাদে রাসেল তার শয়নকক্ষের বালিশের নিচে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো তথ্যমতে বালিশের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২টি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১টি ভিভো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. কামরুজ্জামান স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম জব্দ করেন। পরে গ্রেফতারকৃত রাসেলের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে বেনাপোলের পুটখালী এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে গ্রেফতার করা হয়।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেল রানার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ অস্ত্র ও ম্যাগাজিন তারা কী উদ্দেশ্যে এবং কোথা থেকে সংগ্রহ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

​যশোর জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।