নকল কীটনাশক কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

0
নকল কীটনাশক কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামে ‘হারিজ এগ্রো কেয়ার’ নামে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও নকল কীটনাশক এবং সার জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, শাহজাদপুর উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর ও র‍্যাব- পুলিশ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স ওই কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের নকল কীটনাশক, সার, কীটনাশক তৈরির উপকরণ ও দামি ব্র্যান্ডের মোড়ক জব্দ করে।

এ সময় ভ্রাম্যমান আদালত কারখানার মালিক হারিছ উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ওই দন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত হারিজ উদ্দিন উপজেলার তালগাছি গ্রামের আব্দুল বারিকের ছেলে।

অভিযান কালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ অঞ্চলের উপ- পরিচালক মোঃ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সহকারি কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ ইসলামসহ র‍্যাব- ১২ ও থানা পুলিশের দুইটি দল উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , অভিযান কালে ওই কারখানা থেকে দেশের বিভিন্ন দামি কোম্পানির ২৮ থেকে ৩০টি ব্র্যান্ডের প্যাকেটজাত বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক, কাঁচামাল, খালি মোড়ক ও সার জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। ‘হারিজ এগ্রো কেয়ার’ নামের ওই প্রতিষ্ঠানের পণ্যের গায়ে উৎপাদনের ঠিকানা গাজীপুর লেখা থাকলেও, কোনো অনুমোদন ছাড়াই উপজেলার মশিপুর গ্রামে গোপন কারখানায় সাধারণ শ্রমিক দিয়ে এসব নকল পণ্য তৈরি করা হচ্ছিল। উৎপাদিত এসব ভেজাল কীটনাশক তালগাছি বাজারে অবস্থিত ‘হারিজ বীজ ভান্ডার’ এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো।

এ বিষয়ে বুধবার (১৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, দীর্ঘদিন ধরে ”হারিজ এগ্রো কেয়ার’ নামে হারিজ উদ্দিন দেশের নামী- দামি ব্র্যান্ডের নকল কীটনাশক তৈরি করে বাজারজাত করে আসছিল। টাস্কফোর্সের অভিযানে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ভেজাল কীটনাশক ও উপকরণ জব্দ করা হয়েছে। একই সঙ্গে কারখানার মালিক ও ভেজাল চক্রের মূল হোতা হারিজ উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।