মাসুদ রানা রাব্বানী: রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় বাংলা টিফিন ও বঙ্গভোজ নামে দুটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে|
শনিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানায় মামলাগুলো করা হয়| পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাংলা টিফিন রেস্তোরাঁয় খাবারের পার্সেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে রমজান আলী নামে এক ব্যক্তির সঙ্গে কর্মচারীদের কথা কাটাকাটি হয়| পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন| কিছুক্ষণ পর ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রেস্তোরাঁটিতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে| অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাংলা টিফিনে ব্যাপক ভাঙচুর চালায় এবং একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও বোমা নিক্ষেপ করা হয়| এতে কনস্টেবল ফয়েজ উদ্দিনসহ তিন পুলিশ সদস্য আহত হন|
এছাড়া রেস্তোরাঁর তিন কর্মচারীও আহত হন| পরে হামলাকারীরা একই মালিকানাধীন মণ্ডলের মোড় এলাকার বঙ্গভোজ রেস্তোরাঁয় গিয়েও হামলা ও ভাঙচুর চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে| রেস্তোরাঁ মালিকপক্ষের দাবি, হামলায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে| মামলার বাদী রেস্তোরাঁ দুটির মালিক মুর্শেদ শাকিল এবং আহত পুলিশ কনস্টেবল ফয়েজ উদ্দিন| দুটি মামলাতেই বিনোদপুর বাজারসংলগ্ন ধরমপুর-খোজাপুর এলাকার বাসিন্দা সাবেক শিবির নেতা রমজান আলীকে প্রধান আসামি করা হয়েছে| এছাড়া প্রতিটি মামলায় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে|
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর জানান, হামলার ঘটনায় ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে| আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে| তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে|
এদিকে রেস্তোরাঁ মালিক মুর্শেদ শাকিল অভিযোগ করেছেন, ঘটনার পরদিন সকালে মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি তার কর্মচারীদের হুমকি দিয়েছে| মামলা প্রত্যাহার না করলে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি| অভিযুক্ত রমজান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়| ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি|
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ থাকার দাবি করলেও সেসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি|

