রাজশাহীতে বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী ছেলে 

0
রাজশাহীতে বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী ছেলে 

রাজশাহী প্রতিনিধিঃ  রাজশাহী মহানগরী মেহেরচন্ডী এলাকায় পারিবারিক কলহের জেরে মুগুর দিয়ে পিটিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচন্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রেজাউল করিম (৬০)। অভিযুক্ত ছেলের নাম রাকিবুল করিম (২৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

জানা গেছে, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাগবিত-া চলছিল। কথা- কাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়েন এবং ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবার মাথায় সজোরে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিম মারা যান। এর পরপরই রাকিবুল পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ছেলে রাকিবুল তার বাবাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় ওসি।