কূটনৈতিক প্রতিবেদকঃ কুয়ালালামপুরের দুই দিনের দ্বিপাক্ষিক সফর সফলভাবে শেষ করে চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিট) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী লাল গালিচা (রেড কার্পেট) সংবর্ধনা দেওয়া হয়। লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বিশেষ আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, দালিয়ানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মোটরশোভাযাত্রাসহকারে সাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম দুই দিন তিনি এই বন্দর নগরীতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলন, যা ‘সামার দাভোস ২০২৬’ নামে পরিচিত, সেখানে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, ২৩ জুন বিকেলে দালিয়ান আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে মূল বক্তা হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। একই দিন সন্ধ্যায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভাপতি এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।
দালিয়ানের কর্মসূচি শেষে ২৪ জুন বিকেলে হাই-স্পিড ট্রেনে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বেইজিংয়েই শুরু হবে এই সফরের মূল কূটনৈতিক ও দ্বিপাক্ষিক আনুষ্ঠানিকতা।
রাষ্ট্রীয় এই সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, টেকসই জ্বালানি, অবকাঠামো উন্নয়ন এবং বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রায় ১৫টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
“প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম চীন সফর। দুই দেশের রাজনৈতিক গভীর আস্থার সম্পর্ককে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাবে এই সফর।” — ইয়াও ওয়েন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
এর আগে, গত ২১ জুন নিজের প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ ভিআইপি টার্মিনাল ‘বুঙ্গা রায় কমপ্লেক্স’ থেকে বিশেষ বিমানে চীনের উদ্দেশ্যে রওনা হন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম।
চার দিনের এই মেগা সফর শেষে আগামী ২৬ জুন রাতে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

