শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার (২২জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন (৩) এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও রবীন্দ্র- নজরুল জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন বিশ্বপ্রেম এবং আত্মার মুক্তি। অন্যদিকে, নজরুল আমাদের দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার শক্তি। এই দুই মহান মানবের মেলবন্ধনই বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে রবীন্দ্রনাথ ও নজরুলের দর্শনকে আরও গভীরভাবে উপলব্ধি করতে হবে । তাঁদের সৃষ্টিকে ধারণ করে আমরা একটি প্রগতিশীল, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবো। পরে তিনি দুই দিনব্যাপী রবীন্দ্র মেলার উদ্বোধন করেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ( ১) এর গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. আকলিমা ইসলাম কুহেলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলমগীর পারভেজ সুমন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশিক সরকার। এদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে “রবীন্দ্রনাথের পল্লী ও সমবায় ভাবনা ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি। এতে মূল প্রবন্ধ পাঠ করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল। সেমিনারে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার। মঙ্গলবার (২৩ জুন) দ্বিতীয় ও সমাপনী দিনে “নজরুলের দেশপ্রেম ও বিশ্বমানব দর্শন : আন্তর্জাতিক প্রেক্ষাপট” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও নজরুল গবেষক আবদুল হাই শিকদার।
এছাড়া দুই দিনব্যাপী রবীন্দ্র- নজরুল জয়ন্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই কবির লেখা কবিতা, সংগীত ও নৃত্য পরিবেশন করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য কলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এদিন বিকেলে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাহমিনা আখতার। এদিকে, দুই দিনব্যাপী রবীন্দ্র- নজরুল জয়ন্তীকে ঘিরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের মিলন মেলায় পরিণত হয়।

